Tuesday, September 22, 2026
বাড়ি জাতীয় সোনিয়া গান্ধীর ভোটার তালিকা নিয়ে প্রশ্ন বিজেপির

সোনিয়া গান্ধীর ভোটার তালিকা নিয়ে প্রশ্ন বিজেপির

সোনিয়া গান্ধীর ভোটার তালিকা নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ১৯৮০ সালে ভারতীয় নাগরিকত্ব গ্রহণের আগেই দেশের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ভোটদানের বিষয়টি উত্থাপন করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে।

বিজেপির জাতীয় মিডিয়া সহ-সংযোজক প্রদীপ ভান্ডারি দিল্লিতে দলের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সোনিয়া গান্ধী সংক্রান্ত ভোটার তালিকা মামলা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভারতীয় সংবিধান অনুযায়ী ভোট দেওয়ার জন্য কোনও ব্যক্তির ভারতীয় নাগরিক হওয়া আবশ্যক। ভান্ডারির মতে, ১৯৮০ সালে সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিক ছিলেন না, তা সত্ত্বেও তিনি কীসের ভিত্তিতে ভোট দেওয়ার অনুমতি পেয়েছিলেন, তা তদন্তের বিষয়।

প্রদীপ ভান্ডারি বলেন, ১৯৮০ সালে এই প্রশ্ন তুলে আদালতে একটি আবেদন দাখিল করা হয়েছিল যে, সোনিয়া গান্ধীর নাম কীসের ভিত্তিতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং কীভাবে তিনি ভোট দেওয়ার অনুমতি পেয়েছিলেন। এই প্রক্রিয়ায় নথি জালিয়াতির অভিযোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

প্রদীপ ভান্ডারি জানান, দিল্লির আদালত এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আদালতকে নির্দেশ দিয়েছে যে, পুরো মামলায় কোনও আমলযোগ্য অপরাধ ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে। আদালতের পর্যবেক্ষণ উল্লেখ করে তিনি বলেন, পূর্বে যে ম্যাজিস্ট্রেট আদালত এই মামলাটি খারিজ করেছিল, তারা বিষয়টি নিয়ে যথেষ্ট বিবেচনা করেনি এবং আমলযোগ্য অপরাধ প্রকাশের মূল প্রশ্নে উপযুক্ত পদক্ষেপ নেয়নি।

ওই বিজেপি নেতা বলেন, আদালত মনে করে মামলাটির তদন্ত হওয়া প্রয়োজন। 'ভোট চুরি'র বিষয়ে বিরোধী দলকে নিশানা করে তিনি বলেন, যারা 'ভোট চুরি'র কথা বলছে, আসলে গণতন্ত্র চুরির সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, সোনিয়া গান্ধী সম্পর্কিত এই মামলায় আদালতের পর্যবেক্ষণের পর যে প্রশ্নগুলি উঠেছে, তার তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha