স্যন্দন ডিজিটেল ডেস্ক নভেম্বর ২২ : সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। তারপরই ধেয়ে গেল বিবাহ বিচ্ছেদ নিয়ে কটাক্ষ। শিব সেনার উদ্ধব শিবিরের নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী সোশাল মিডিয়ায় খোঁচা দিলেন, ‘এবার যেন নিজের সুগার ড্যাডি খুঁজে পেয়েছে।’ যা আসলে চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মাকে নিয়ে পুরনো বিতর্ক উসকে দিচ্ছে। পরে অবশ্য এই পোস্টের ব্যাখ্যাও দেন প্রিয়াঙ্কা।
একসময় বিশ্ব ক্রিকেটে তাবড় তাবড় ব্যাটারদের উইকেট ছিটকে গিয়েছে চাহালের লেগ স্পিনে। তবে জাতীয় দল থেকে বহুদিন বাইরে। আইপিএলে তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। শনিবার দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা গেল চাহালের নাম। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নির্দেশে শনিবার ওবিসি মোর্চার নতুন জাতীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে ৩৭ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে চাহালের নাম দেখা যেতেই এক্স হ্যান্ডেলে খোঁচা দিলেন প্রিয়াঙ্কা।
চাহালের নাম না করেই তিনি লেখেন, ‘মনে হচ্ছে তিনি নিজের জন্য সুগার ড্যাডি খুঁজে পেয়েছেন। যাঁরা জানেন, তাঁরা এর অর্থ ঠিকই বুঝবেন।’ আসলে ২০২৫-এ চাহালের সঙ্গে ডিভোর্স হয় ধনশ্রী বর্মা। শোনা যায়, খোরপোশ বাবদ ৪ কোটি ৭৫ লক্ষ টাকা চেয়েছেন ধনশ্রী বর্মা। আদালতের নির্দেশে বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হওয়ার পর চাহালকে জ্যাকেট খুলে কোর্ট থেকে বেরিয়ে যেতে দেখা যায়। সবার নজর কাড়ে চাহালের কালো টি-শার্ট। যার উপর লেখা ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’।
সেটাকেই খোঁচা দিলেন প্রিয়াঙ্কা। পরে তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেন, “যতদিন চাহাল ক্রিকেটার ছিলেন, আমি কিছু বলিনি। কিন্তু রাজনীতিতে আসা মানে দায়িত্ব থাকে। ডিভোর্সের দিন উনি সর্বসমক্ষে এমন একটা বার্তা দিয়েছিলেন, যাতে তাঁর স্ত্রীকে লোভী বলে মনে হয়। আমাদের সমাজে বিবাহবিচ্ছেদের জন্য এক মহিলাকে কলঙ্কিত করা হয়। আর সেখানে উনি ওই মহিলাকে দোষারোপ করে আরও কলঙ্কিত করেছেন।” উল্লেখ্য, চাহাল হরিয়ানার জিন্দ জেলার বাসিন্দা। জাতিগতভাবে তিনি জাঠ সম্প্রদায়ের, যা হরিয়ানা ও উত্তর ভারতে ওবিসি তালিকাভুক্ত।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান