স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : সীমান্ত এলাকায় উত্তেজনার আবহের মধ্যেই কলমচৌড়া
থানাধীন রহিমপুর বাজারে বড়সড় নেশাবিরোধী অভিযান চালাল বিএসএফ। মঙ্গলবার সকাল ১০টা
থেকে দুপুর ২টা পর্যন্ত টানা প্রায় চার ঘণ্টা ধরে এই অভিযান পরিচালিত হয়। বিএসএফের
উদ্যোগে আয়োজিত এই অভিযানে বিপুল সংখ্যক বিএসএফ জওয়ানের পাশাপাশি সোনামুড়া কাস্টমস
বিভাগের আধিকারিক ও কলমচৌড়া থানার পুলিশকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালীন
রহিমপুর বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে রকমারি শব্দবাজি, অলিভ অয়েল, মেহেদী,
রেড বুল-সহ একাধিক সামগ্রী উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া সামগ্রীর মোট
বাজারমূল্য প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বলে জানা গেছে। তবে উদ্ধার হওয়া সামগ্রীর
প্রকৃত পরিমাণ ও মূল্য সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি জানা যায়নি।
উল্লেখ্য,
গত ২ নভেম্বর কলমচৌড়া থানাধীন আশাবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর
সঙ্গে বিএসএফ জওয়ানদের বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই
আশাবাড়ি, রহিমপুর ও বক্সনগর-সহ কলমচৌড়া থানা এলাকার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে
উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
এই পরিস্থিতির
মধ্যেই রহিমপুর বাজারে বিএসএফের নেতৃত্বে এদিনের এই বড়সড় অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ
বলে মনে করছেন স্থানীয় মহলের একাংশ। যদিও সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার সঙ্গে এই
অভিযানের সরাসরি কোনও যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো
হয়নি।
সব মিলিয়ে
সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি নেশা ও অবৈধ সামগ্রীর কারবার
রুখতে বিএসএফের এই অভিযান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান