নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): পরিকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে রবিবার, ১১ অক্টোবর তামিলনাড়ুর চেন্নাই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে মেট্রো রেল, জাতীয় সড়ক, ভারতীয় রেল, বন্দর, পেট্রোলিয়াম এবং উচ্চশিক্ষা ক্ষেত্র মিলিয়ে ১৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক জনকল্যাণমূলক ও পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পুনামাল্লি–ভাদাপালানি রুটের শুভ উদ্বোধন। প্রায় ৪,৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেট্রো করিডোর চেন্নাইয়ের পশ্চিম শহরতলি ও মূল শহরের মধ্যে যাতায়াত আরও দ্রুত ও সুগম করে তুলবে। এছাড়া তামিলনাড়ুর যোগাযোগ পরিকাঠামো উন্নত করতে প্রায় ৩,৭০০ কোটি টাকা ব্যয়ে জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রেল ক্ষেত্রে প্রায় ৭৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পাশাপাশি ‘অমৃত ভারত স্টেশন স্কিম’-এর অধীনে পুনর্নির্মিত পাঁচটি অমৃত স্টেশনের উদ্বোধনও রয়েছে তাঁর কর্মসূচিতে। একই সঙ্গে চেন্নাই পোর্ট, কামারাজার পোর্ট এবং ভিও চিদাম্বরনার পোর্টের একাধিক আধুনিক বন্দর প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়া পেট্রোলিয়াম ক্ষেত্রে বিনিয়োগ এবং উচ্চশিক্ষার প্রসারে আইআইটি মাদ্রাজে ‘সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান