স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : কাকড়াবনে বিলাতি মদের
কাউন্টার ঘিরে ক্ষোভের বিস্ফোরণ। সন্ধ্যা নামলেই মদ্যপদের দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায়
মহিলা ও পড়ুয়ারা। এবার পুলিশের দ্বারস্থ হলো এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ,কাকড়াবন
বাজারে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার পাশেই রয়েছে কাকড়াবন বিলাতি মদের
কাউন্টার। অভিযোগ, এই কাউন্টারকে কেন্দ্র করে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার
জেরে চরম অস্বস্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ।
বিশেষ করে
স্কুল-কলেজের পড়ুয়া, মহিলা এবং পথচলতি মানুষদের প্রতিদিনই নাকি দুর্ভোগের মুখে পড়তে
হচ্ছে। কাকড়াবন থানার ওসি পলাশ দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে ডেপুটেশন প্রদান করে নিজেদের
ক্ষোভ ও অভিযোগ তুলে ধরলেন তারা। বিশেষ করে পুলিশকে অবগত করা হয়েছে কাউন্টারের সামনে
প্রকাশ্যে মদ্যপান করে অশালীন গালিগালাজ, চিৎকার-চেঁচামেচি এবং ঝগড়াঝাঁটির ঘটনা প্রায়
নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মদের তীব্র গন্ধে ওই রাস্তা দিয়ে চলাচল করাই নাকি
দুষ্কর হয়ে উঠেছে। এলাকাবাসীর আরও অভিযোগ, এই সমস্যার কথা একাধিকবার কাউন্টার মালিকের
নজরে আনা হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দিনের পর দিন একই পরিস্থিতি চলতে
থাকায় এবার প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান