স্যন্দন ডিজিটাল ডেস্ক ৮ অক্টোবর : রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ফের তুমুল আক্রমণ করল ভারত। বুধবার ‘রাইট অফ রিপ্লাই’ বা ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে নয়াদিল্লির অভিযোগ, জইশ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে পুরস্কার ঘোষণার মতো বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান আসলে সন্ত্রাসবাদে তাদের রাষ্ট্রীয় মদতের বিষয়টি আড়াল করার চেষ্টা করছে। ভারতের সপাট আক্রমণ, ২৬/১১ কিংবা পহেলগাঁও হামলার কথা বিশ্ববাসী ভুলে যায়নি।
রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নির্মূলের পদক্ষেপ’ বিষয়ক আলোচনার সময় পাকিস্তানের বক্তব্যের জবাবে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরি এই মন্তব্য করেন। তাঁকে বলতে শোনা যায়, কেবল ঘোষণার মাধ্যমে সন্ত্রাসবাদকে পরাজিত করা যায় না। এর জন্য প্রয়োজন জেহাদি কর্মকাণ্ডের হোতা, আর্থিক মদতদাতা এবং পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
এদিন রঘু বলেন, ‘‘পাকিস্তান সন্ত্রাসবাদের মোকাবিলার কথা বলে, অথচ এই কমিটি যে মূল প্রশ্নটির মুখোমুখি হতে বাধ্য, তা-ই তারা আড়াল করার চেষ্টা করে চলেছে। কোনও রাষ্ট্র যখন সন্ত্রাসীদের আর্থিক মদত, সহায়তা, প্রশিক্ষণ, আশ্রয় বা সমর্থন দেয়, তখন কী ঘটে?” তিনি আরও বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে নিজেদের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে প্রথম সারিতে থাকা রাষ্ট্র এবং এর শিকার হিসেবে তুলে ধরে আসছে। অথচ তারা এই সত্যটাই আড়াল করে আসছে যে, পাকিস্তান যেসব ‘ফ্রাঙ্কেনস্টাইনের দানব’ (দানবীয় শক্তি) সৃষ্টি করেছিল, তাদের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। সেই শক্তিগুলি এখন প্রতিবেশী দেশগুলিতে ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি খোদ পাকিস্তানেও একই কাজ করছে।”
উল্লেখ্য, সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তান এবং ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে কড়া বার্তা দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ষষ্ঠ কমিটির অধিবেশনে ভারতের জাতীয় বিবৃতি দিতে গিয়ে বিজেপি সাংসদ বিপ্লব দেব বলেন, “পাকিস্তান থেকে আসা সীমান্ত-পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের মানুষকে রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। আর যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদের তার পরিণাম ভুগতেই হবে।” ওআইসি-কে তোপ দেগে ‘অপরাধী আর ভুক্তভোগীকে এক করে দেখবেন না’ বলেও মন্তব্য করেন তিনি। ওআইসি-র সভাপতির বক্তব্যের জবাব দিতে গিয়ে বিপ্লব বলেন, “দুঃখের বিষয়, আপনারা তথ্য আর কল্পকাহিনির মধ্যে তফাত করছেন না। সবচেয়ে বড় কথা, আপনারা ভুক্তভোগী আর অপরাধীকেও এক করে দেখছেন।” পাকিস্তান ও পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের ‘লক্ষ্যভিত্তিক ও পরিমিত’ পদক্ষেপ নিয়ে ওআইসি প্রশ্ন তুলেছিল। তারই জবাবে ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান