Tuesday, November 17, 2026
বাড়ি রাজ্য ‘মোটা ভাই’-এর ফেন্সিডিলে পুলিশের থাবা! নিষিদ্ধ কফ সিরাপসহ গ্রেফতার ৩

‘মোটা ভাই’-এর ফেন্সিডিলে পুলিশের থাবা! নিষিদ্ধ কফ সিরাপসহ গ্রেফতার ৩

‘মোটা ভাই’-এর ফেন্সিডিলে পুলিশের থাবা!  নিষিদ্ধ কফ সিরাপসহ গ্রেফতার ৩

আগরতলা, ত্রিপুরা: রাজধানীতে ফের পুলিশের জালে মাদক কারবারিরা। মঙ্গলবার সন্ধ্যায় মহারাজগঞ্জ বাজার সংলগ্ন গ্র্যান্ডিওস এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল বোঝাই একটি গাড়ি আটক করল পূর্ব থানার পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেন্সিডিল কফ সিরাপ। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন গাড়িটিকে আটক করা হয়। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মাদক পাচারের চাঞ্চল্যকর তথ্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, বিশেষ সূত্রের দাবি, উদ্ধার হওয়া ফেন্সিডিলের সঙ্গে রাজধানীর শান্তিপারা এলাকার ‘মোটা ভাই’-এর যোগসূত্র রয়েছে। অভিযোগ, এই মাদক কনসাইনমেন্টের আমদানির নেপথ্যে রয়েছেন তিনি। ধৃত তিনজনও তাঁর ঘনিষ্ঠ সহযোগী বলে সূত্রের দাবি। যদিও এই অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ঘটনাস্থলে পৌঁছেছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) সহ পূর্ব থানার পুলিশ আধিকারিকরা। উদ্ধার হওয়া ফেন্সিডিলের প্রকৃত পরিমাণ, মাদকের উৎস এবং এই কারবারের পিছনে থাকা অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে।

রাজধানীর বুকে মাদক পাচারের এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, ‘মোটা ভাই’ নামে পরিচিত ব্যক্তির সঙ্গে আদৌ এই কনসাইনমেন্টের যোগ রয়েছে কি না, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। পুলিশের তদন্তে আরও বড় কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর শহরবাসীর।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha