Friday, November 20, 2026
বাড়ি জাতীয় ভারতের হাত কেটে ফেলার হুঁশিয়ারি! দিল্লিতে সেই পাক মন্ত্রী, কেন্দ্রের বিদেশনীতির সমালোচনায় বিরোধীরা

ভারতের হাত কেটে ফেলার হুঁশিয়ারি! দিল্লিতে সেই পাক মন্ত্রী, কেন্দ্রের বিদেশনীতির সমালোচনায় বিরোধীরা

ভারতের হাত কেটে ফেলার হুঁশিয়ারি! দিল্লিতে সেই পাক মন্ত্রী, কেন্দ্রের বিদেশনীতির সমালোচনায় বিরোধীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২0 : ভারতের হাত কেটে ফেলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার এসসিও সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে ভারতে পা রাখলেন পাকিস্তানের সেই মন্ত্রী মুসাদিক মালিক। শুক্রবার সকালে তিনি দিল্লিতে পৌঁছেছেন। ইতিমধ্যেই মুসাদিকের ভারত সফর নিয়ে দেশের রাজনৈতিক মহলে হয়েছে জোর চর্চা। এমন তীব্র ভারতবিদ্বেষী ব্যক্তিত্বকে কেন ভারতে আমন্ত্রণ জানানো হল, একযোগে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি।


শুক্রবার থেকে শুরু হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) তিন দিনের ‘সিভিলাইজেশন ডায়লগ’। সেখানে যোগ দিতে ভারতে এসেছেন মুসাদিক। তাঁকে আমন্ত্রণ জানানো নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। কংগ্রেস খোঁচা দিয়ে বলে, ভারতকে রক্তাক্ত করতে জঙ্গি পাঠিয়েছিল পাকিস্তান। এখন সেই দেশকেই আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করবে ভারত সরকার। কংগ্রেসের অভিযোগ, এর থেকেই সরকারের পাকিস্তান-প্রীতি ফুটে উঠছে। সমাজবাদী পার্টির মতে, বিদেশনীতি একেবারে গুলিয়ে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার।


ঘটনাচক্রে, এই মাসুদই ভারতের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন। সিন্ধু নদের জল বণ্টন নিয়েও নয়াদিল্লিকে আক্রমণ শানিয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে তিনি হুমকি দিয়েছিলেন, যারা ইসলামাবাদের জলসম্পদ নিয়ন্ত্রণের চেষ্টা করবে, তাদের হাত কেটে দেওয়া হবে। শুধু তাই নয়, সিন্ধু জল বন্টন চুক্তি নিয়ে তিনি আন্তর্জাতিক মঞ্চে গিয়ে ‘হাঙ্গামা’ করবেন বলেও হুমকি দিয়েছিলেন। এবার তিনদিনের জন্য ভারতের আতিথ্য গ্রহণ করবেন তিনি।


শুক্রবার মুসাদিক ভারতে পা দেওয়ার পরেই কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত বলেন, “বিজেপি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলেই বিভ্রান্ত। আমাদের ক্রিকেটারদের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বলা হয়, আবার পাক মন্ত্রীকেও ভারতে আমন্ত্রণ করা হচ্ছে।” কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির কথায়, ওই পাক মন্ত্রী একেবারে জঙ্গিদের ভাষায় কথা বলেছিলেন, সেটা মনে রাখা উচিত। প্রসঙ্গত, পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে এই প্রথম কোনও পাক মন্ত্রী এলেন ভারতে। কংগ্রেসের প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে কি পাকিস্তানের প্রতি ‘বন্ধুত্ব’ দেখাচ্ছে ভারত?

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha