ভাগলপুর, ২১ সেপ্টেম্বর (হি.স.): বন্যার জমা জলে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি। জলে ডুবে মৃত্যু হল একসঙ্গে ৬ শিশুর। সোমবার হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুর জেলার সুলতানপুর ব্লকের তরেতা গ্রামের কাছে। মৃত শিশুরা প্রত্যেকেই পার্শ্ববর্তী দুধাইলা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি এলাকায় বন্যার জল ঢুকে বিভিন্ন নিচু জমি ও জলাশয় প্লাবিত হয়ে রয়েছে। এদিন দুধাইলা গ্রামের ওই শিশুরা তরেতা গ্রামের কাছে বন্যার জমা জলে একসঙ্গে স্নান করতে নামে। কিন্তু জলের গভীরতা আন্দাজ করতে না পেরে আচমকাই তারা একে একে তলিয়ে যেতে শুরু করে। শিশুদের আর্তচিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারের চেষ্টা চালান।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত পৌঁছয়। তবে ততক্ষণে গভীর জলে ডুবে শিশুগুলির মৃত্যু হয়। দীর্ঘ তল্লাশির পর একে একে ছ’টি শিশুর নিথর দেহই জল থেকে উদ্ধার করা সম্ভব হয়।
মৃতদেহগুলি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়ার জন্য সুলতানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একই গ্রামের ৬টি শিশুর এমন অকালমৃত্যুর খবর পৌঁছতেই দুধাইলা গ্রামে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। এলাকায় নজরদারি বাড়িয়েছে স্থানীয় প্রশাসন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান