স্যন্দন ডিজিটেল ডেস্ক, অক্টোবর ১ : নির্দিষ্ট সময়ের মধ্যেই বল ফেস করার জন্য ব্যাটারকে তৈরি থাকতে হবে। তা না হলে গোটা দলকে বড়সড় শাস্তি পেতে হবে! বৃহস্পতিবার এমনই একগুচ্ছ নিয়ম চালুর কথা ঘোষণা করেছে আইসিসি। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। মেগা টুর্নামেন্টের জন্য বাকি একবছর। আইসিসির নতুন নিয়ম কার্যকর হবে বিশ্বকাপের একবছর আগে থেকেই।
নতুন যে নিয়মগুলি আনা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য সময়ের সাশ্রয়। ক্রিকেট ম্যাচ চলাকালীন যেন অযথা সময় নষ্ট না হয়, তার জন্যই আনা হয়েছে একগুচ্ছ নিয়ম। টি-২০ ম্যাচে দু’টি ইনিংসের ফাঁকে ১৫ মিনিটের বেশি বিরতি রাখা যাবে না। এমনকী প্রয়োজন পড়লে ওই বিরতি ১০ মিনিটেও নামিয়ে আনা যেতে পারে। তবে টেস্ট ম্যাচে দিনের শেষ ওভারে যদি উইকেট পড়ে তাহলে দিনের খেলা সঙ্গে সঙ্গে সমাপ্ত ঘোষণা হবে না। ওই ওভার পুরো খেলার পরেই শেষ হবে দিনের খেলা। অন্যদিকে, মহিলাদের ক্রিকেটেও এবার থেকে এক ইনিংসে নতুন বল ব্য়বহার করা যাবে।
বর্তমানে পিঙ্ক বল ব্যবহৃত হয় কেবল দিনরাতের টেস্টে। কেবল দিনের খেলাতেও এই বল ব্যবহার করা যায় কিনা, তার ট্রায়াল শুরু করছে আইসিসি। খারাপ আলোর জন্য যেন ম্যাচ বন্ধ করতে না হয়, সেকারণেই গোলাপি বল ব্যবহারের প্রস্তাব। তবে ম্যাচ শুরুর আগে সিদ্ধান্ত নিতে হবে বলের রং নিয়ে। টেস্ট চলাকালীন অন্য রঙের বল ব্যবহার করা যাবে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হল ব্যাটারদের পেনাল্টি। অনেক সময়ই বল ফেস করতে বেশি সময় নেন ব্যাটাররা। কিন্তু এবার থেকে বল ফেস করার জন্য সময় বেঁধে দেওয়া হবে। সেই সময়সীমা পেরিয়ে গেলে প্রথম দু’বার ওয়ার্নিং দেওয়া হবে। কিন্তু তৃতীয়বারও একই ভুল করলে বিপক্ষ দলকে পাঁচটি রান দেওয়া হবে। এছাড়াও সীমিত ওভারের ক্রিকেটে লেগ সাইডে ওয়াইড দেওয়া হবে এবার থেকে। নতুন নিয়মগুলি বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। ভারত এই নতুন নিয়মের আওতায় আসবে নিউজিল্যান্ড সিরিজ থেকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান