Tuesday, September 22, 2026
বাড়ি রাজ্য পুলিশ কর্মীর বাড়িতেই দুঃসাহসিক চুরি, আটক দুই

পুলিশ কর্মীর বাড়িতেই দুঃসাহসিক চুরি, আটক দুই

পুলিশ কর্মীর বাড়িতেই দুঃসাহসিক চুরি, আটক দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ সেপ্টেম্বর : খোদ পুলিশ কর্মীর বাড়িতেই দুঃসাহসিক চুরি। নগদ লক্ষ টাকা ভরি সোনার গয়না লুট করার অভিযোগ। আটক দুই সন্দেহভাজন। জানা গেছে, চেলাগাঙ থানার অন্তর্গত উত্তর একছড়ি নীলধন পাড়ায় এই চুরির ঘটনা ঘটে সোমবার গভীর রাতে। বাড়ির গৃহকর্তা মঙ্গল চাকমা ত্রিপুরা স্টেট রাইফেলসের কনস্টেবল এবং তার স্ত্রী সঙ্গীতা চাকমা ত্রিপুরা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত।

সোমবার রাতে মঙ্গল চাকমা ডিউটি শেষে রাত আনুমানিক ২টা নাগাদ বাড়িতে ফিরে আসেন। সেই সময় তিনি বাড়ি থেকে দুই যুবককে বেরিয়ে যেতে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে মঙ্গল চাকমা সঙ্গে সঙ্গে চোর, চোর বলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের বাড়ির লোকজনও বাইরে বের হয়ে আসেন। অভিযোগ, ঠিক সেই সময় আচমকাই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে চোরেরা দ্রুত গা ঢাকা দেয়। তবে পরিবারের সদস্য স্থানীয় কয়েকজন বাসিন্দা চোরদের পিছু ধাওয়া করেন। পরবর্তীতে ধাওয়া করে রামভদ্র এলাকা থেকে একটি অটো গাড়ি সহ দুই ব্যক্তিকে  সন্দেহজনক অবস্থায় আটক করতে সক্ষম হন তারা। ধৃতরা হলেন নির্মল দেবনাথ বিপুল দেবনাথ। আটক দুই সন্দেহভাজনকে পরে চেলাগাঙ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আটক দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। এই চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সঙ্গে আচমকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিও ঘটনাটিকে ঘিরে নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha