পালাক্কাড, ১৩ আগস্ট (হি.স.) : বিশ্ব হাতি দিবসেই মর্মান্তিক পরিণতি। তামিলনাড়ু-কেরলম সীমান্তবর্তী এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো একটি হাতি ও তার শাবকের। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কেরলমের পালাক্কাড জেলার ওয়ালায়ার এলাকায়। জানা গেছে, চারটি হাতির একটি দল রেললাইন পার হচ্ছিল। সেই সময় সেখান দিয়ে যাওয়া ম্যাঙ্গালুরু এক্সপ্রেসের সামনে হাতির দলটি চলে আসে। ট্রেনের ইঞ্জিনের চাকায় পিষ্ট হয়ে মা-হাতি ও তার শাবকটির মৃত্যু হয়। খবর পেয়ে ওয়ালায়ার বন বিভাগের আধিকারিক এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। এই দুর্ঘটনার কারণে তামিলনাড়ু ও কেরলমের মধ্যে ট্রেন চলাচল এক ঘণ্টারও বেশি সময় ব্যাহত হয়। এছাড়া, ‘বি’ ট্র্যাকে কেরলম থেকে কোয়েম্বাটুরগামী ট্রেনগুলিকে সাময়িকভাবে থামিয়ে দেওয়া হয়। ওই রুটের ট্রেনগুলিকে ‘এ’ ট্র্যাক দিয়ে চালানো হয়।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালেও এই একই ম্যাঙ্গালুরু এক্সপ্রেসের ধাক্কায় এই এলাকায় একটি গর্ভবতী হাতি-সহ তিনটি হাতির মৃত্যু হয়েছিল। প্রসঙ্গত, মাদুক্কারাই থেকে কাঞ্জিকোড পর্যন্ত এলাকাজুড়ে গত ২০ বছরে ৩৫টি হাতি ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে। এটি প্রতিরোধ করতে পালাক্কাড রেল কর্তৃপক্ষ ও বন বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যেখানে হাতির চলাচল বেশি এমন দুটি স্থানে আন্ডারপাস তৈরি করা হয়েছে। এছাড়া ১২টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে এবং ২৪টি এআই ক্যামেরা স্থাপন করে নজরদারি চালানো হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান