স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ অক্টোবর : পাকিস্তানে প্রকাশ্য দিবালোকে লস্কর কমান্ডারকে গুলি করে খুন ! জানা যাচ্ছে, তার নাম ইমরান। একটি বাড়ি থেকে বেরোনোর সময়ই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় আততায়ী। কিন্তু প্রশ্ন উঠছে, ‘ভারত বিরোধী’কে হত্যা করা এই ‘ধুরন্ধর’ কে?
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা গিয়েছে, একটি কমপ্লেক্সের দরজা দিয়ে মোটরবাইকে করে বেরোচ্ছে ইমরান। ঠিক তখনই সাদা পোশাক পরিহিত এক যুবক তার দিকে এগিয়ে আসেন। যুবকের মুখ ছিল কাপড়ে ঢাকা।আচমকা ইমরানকে লক্ষ্য করে পরপর গুলি চালান তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে লস্কর কমান্ডার মোটরবাইক সমেত পড়ে যায়। পালানোর চেষ্টা করেও পারেনি। গুলির আঘাতে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। পরে সেখানেই তার মৃত্যু হয়। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেন আততায়ী।
সম্প্রতি পাকিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছে ৩০ জনেরও বেশি লস্কর জঙ্গি। রিজওয়ান হানিফ নামে এক লস্কর জঙ্গির একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে সে দাবি করেছে, গত তিন থেকে চার বছরে মধ্যে তাদের নিষিদ্ধ সংগঠনের অসংখ্য সদস্যের ‘রহস্যমৃত্যু’ হয়েছে। ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। ওই হামলা জড়িত ছিল লস্কর। ওই সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরাই খুন হয়েছেন ও হচ্ছেন পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের বিভিন্ন প্রান্তে। জানা গিয়েছে, পেশোয়ার, করাচি, রাওয়ালপিন্ডি, রাওয়ালকোট ও মুজাফফরাবাদে অজ্ঞাত হামলাকারীর হাতে ৩০ জনেরও বেশি লস্কর জঙ্গি নিহত হয়েছে। বেছে বেছে ‘ভারত বিরোধী’দের খতম করছে কে? ঘনাচ্ছে রহস্য।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান