স্যন্দন ডিজিটাল ডেস্ক ৩ অক্টোবর আগরতলা :- রাতের গাড়ি চেকিংয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বোধজংনগর থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ১৭৬ কেজি ৮০০ গ্রাম। পুলিশ সূত্রে জানা গেছে, এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত আনুমানিক ১০টা নাগাদ আর কে নগরের নবচৌমুনি এলাকায় বোধজংনগর থানার সাব-ইন্সপেক্টর অর্পণ সাহার নেতৃত্বে পুলিশ কর্মীরা গাড়ি চেকিং করছিলেন। সেই সময় চম্পকনগরের দিক থেকে মধুপুর-কোনাবনের দিকে যাওয়া একটি সাদা মারুতি ডিজায়ার গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু অভিযোগ, চালক গাড়ির গতি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।
পুলিশ তৎপরতার সঙ্গে নবচৌমুনি মার্কেট এলাকায় গাড়িটিকে আটক করে। চালককে জিজ্ঞাসাবাদ করার পর গাড়িতে শুকনো গাঁজা রয়েছে বলে পুলিশ জানতে পারে। এরপর ঘটনাস্থলে পৌঁছান বোধজংনগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার প্রশান্ত কুমার দে। খবর দেওয়া হয় জিরানিয়ার এসডিএম এবং ফরেনসিক টিমকেও।
পুলিশ ও ফরেনসিক টিমের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে প্রায় ১০ কেজি ৪০০ গ্রাম করে গাঁজা ছিল বলে পুলিশ জানিয়েছে। সব মিলিয়ে উদ্ধার হয় ১৭৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা।
পুলিশ গাঁজা ও TR 07 C 0772 নম্বরের মারুতি ডিজায়ার গাড়িটি বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় NDPS আইনে মামলা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান বোধজংনগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার প্রশান্ত কুমার দে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান