Tuesday, September 22, 2026
বাড়ি বিশ্ব সংবাদ নেপালে শুক্রবার থেকে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা, ৪২ জেলায় বন্যা-ধসের আশঙ্কা

নেপালে শুক্রবার থেকে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা, ৪২ জেলায় বন্যা-ধসের আশঙ্কা

নেপালে শুক্রবার থেকে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা, ৪২ জেলায় বন্যা-ধসের আশঙ্কা

কাঠমান্ডু, ২২ সেপ্টেম্বর (হি.স.): নেপালে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। এর জেরে দেশের ৪২টি জেলায় বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত গণ্ডকী ও লুম্বিনী প্রদেশে বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি হতে পারে। এই দুই প্রদেশের একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধেশ প্রদেশ বাদে ছয়টি প্রদেশের ৪২টি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ওই এলাকাগুলিতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেশি বলে জানানো হয়েছে।

গণ্ডকী প্রদেশের ১১টি জেলাতেই কমলা সতর্কতা জারি হয়েছে। লুম্বিনী প্রদেশের ১২টি জেলার মধ্যে রোল্পা, বাঁকে ও বরদিয়া বাদে বাকি জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়া মধেশ, কোশী, বাগমতী ও সুদূর পশ্চিম প্রদেশের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কার্নালি প্রদেশের কয়েকটি এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে, আরও ৩৫টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার আবহবিদ রোজন লামিছানে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী তিন দিন একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় অতিভারী বৃষ্টিও হতে পারে। তাঁর কথায়, বুধবার থেকে নিম্নচাপের প্রভাব পূর্ব নেপালে পড়তে পারে। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। কোনও নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত বৃষ্টির আশঙ্কা দেখা দিলে সেখানে লাল সতর্কতা জারি করা হতে পারে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha