Sunday, November 22, 2026
বাড়ি জাতীয় ‘দেশবাসী আমার কথা শুনেছেন বলেই সোনার দাম কম’, দাবি প্রধানমন্ত্রীর

‘দেশবাসী আমার কথা শুনেছেন বলেই সোনার দাম কম’, দাবি প্রধানমন্ত্রীর

‘দেশবাসী আমার কথা শুনেছেন বলেই সোনার দাম কম’, দাবি প্রধানমন্ত্রীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক  নভেম্বর ২২ :  মাস ছ’য়েক আগে তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন, খুব প্রয়োজন না পড়লে সোনা না কেনার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  দাবি, তাঁর সেই অনুরোধ দেশবাসী রেখেছেন। আর রেখেছেন বলেই সোনার দাম আজ পড়তির দিকে। তাঁর অনুরোধ রেখেছেন বলেই আজ অনেকের টাকার সাশ্রয় হয়েছে।


মাস ছয়েক আগে যেসময় মোদি দেশবাসীকে সোনা না কেনার আহ্বান জানালেন, সেসময় মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে সোনার দাম আকাশছোঁয়া। ছ’মাস পর যুদ্ধের ঝাঁজ কমেছে। মার্কিন তথা বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কার দরুন কমেছে সোনার দামও। প্রধানমন্ত্রী অবশ্য বলছেন, সোনার দাম কমার পিছনে ভারতের বাজারে চাহিদা কমাটাও একটা বড় কারণ। শনিবার লখনউয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর অনুরোধ শুনে সোনা কেনা কমিয়েছেন সাধারণ মানুষ। আর তাতেই কমছে দাম।


১৯৬৫ সালে দেশে খাদ্যসঙ্কটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী দেশবাসীকে এক বেলা খাবার না খাওয়ার আবেদন জানিয়েছিলেন। শাস্ত্রীর সেই উদাহরণ টেনে মোদি বলেন, “আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, প্রয়োজন না-হলে এক বছর দয়া করে সোনা কিনবেন না। আমি খুশি যে দেশবাসী আমার মতো সাধারণ একজন মানুষের কথা শুনেছেন। আমার আহ্বানে সাড়া দিয়েছেন। লালবাহাদুর শাস্ত্রীজি যেমন দেশবাসীকে এক বেলা খাবার খাওয়া বাদ দিতে অনুরোধ করেছিলেন তখন এই দেশ তাঁর ডাকে সাড়া দিয়েছিল। আজও একইভাবে মানুষ আমার ডাকে সাড়া দিয়েছেন। আসলে এই দেশের চরিত্র একই আছে।” প্রধানমন্ত্রীর দাবি, এখন অনেকেই তাঁকে বলছেন, তাঁর পরামর্শ মেনে সোনা না কেনায় তাঁদের টাকা বেঁচেছে।


বস্তুত এই মুহূর্তে সোনার দাম গত এক বছরে সর্বনিম্ন। রবিবার সকালের হিসেব অনুযায়ী, ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য গ্রামপ্রতি ১১,৮৪০ টাকা। ২৪ ক্যারেটের ক্ষেত্রে দাম এখন ১২,৩৯০ টাকা প্রতি গ্রাম। একই ভাবে কমেছে রুপোর দরও। এখন এক কেজি রুপোর দাম ১ লক্ষ ৫২ হাজার ৯৫৬ টাকা। চলতি বছর জানুয়ারি মাস থেকে সোনার দাম কমেছে ৫৩ হাজার টাকারও বেশি। যা প্রায় ২৯ শতাংশ।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha