নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): নাটকীয় ঘটনার সাক্ষী হল দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা। শুক্রবার এই থানার সামনে বসে ধর্না দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পেলেট ছোড়ায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নিতে না চাওয়ায় পুলিশ আধিকারিকের অফিসের বাইরে ধর্নায় বসেন রাহুল।
শুক্রবার বেলায় হঠাৎই দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল। তাঁর সঙ্গে ছিলেন যন্তর মন্তরের ছাত্র-বিক্ষোভে শামিল হয়ে ছররায় আক্রান্ত হওয়া সাহিল লোচাব। রাহুল হঠাৎ থানায় চলে আসায় হতচকিত হয়ে যান পুলিশ আধিকারিকেরা।
গত ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ অভিযানের দিন যে পুলিশকর্মীদের বিরুদ্ধে পড়ুয়াদের উপর ছররা ছোড়ার অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান রাহুলেরা। রাহুল গান্ধী এদিন বলেন, "গত ২০ জুলাই কনট প্লেসে পেলেট গান ব্যবহার করা হয়েছিল। দিল্লি পুলিশ দাবি করছে, তারা পেলেট গান চালায়নি। তাহলে প্রশ্ন একটাই—কেউ না কেউ তো নিশ্চয়ই এটা করেছে। একটি অপরাধ তো ঘটেইছে। আমরা দাবি জানাচ্ছি যেন এফআইআর দায়ের করা হয়। তারা আমাদের জানিয়েছে, ওপরমহল থেকে নির্দেশ থাকায় তারা এফআইআর দায়ের করতে পারছে না। এফআইআর দায়ের না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। এই দেশে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক এবং দিল্লি পুলিশ ন্যায়বিচার হতে দেবে না।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান