স্যন্দন ডিজিটেল ডেস্ক নভেম্বর ২২ : গোটা দেশে কংগ্রেসের হাতে রয়েছে মোটে ৪টি রাজ্য। তার মধ্যে সবচেয়ে ‘নিরাপদ’ রাজ্য হিসাবে হাত শিবির যে তেলেঙ্গানাকে ধরে রাখছিল, সেই তেলেঙ্গানাতেই এবার অশান্তি। ক্ষমতায় থাকা সত্ত্বেও সে রাজ্যে অন্তর্কলহের আগুনে জ্বলছে হাত শিবির। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন দলেরই বিধায়করা। চাপের মুখে পালটা মুখ্যমন্ত্রী নিশানা করছেন বিধায়কদেরই। তিনি বলছেন, “যারা এই সরকার বিরোধী কথাবার্তা বলছেন, তাঁদের পাগল কুকুরে কামড়েছে।”
আসলে আন্নামুলা রেবন্ত রেড্ডি কংগ্রেসের পুরনো নেতা নন। একটা সময় তিনি এবিভিপির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তেলুগু দেশম পার্টি হয়ে কংগ্রেসে যান। তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা বেশি থাকায় রাজ্যের কংগ্রেস নেতাদের উপেক্ষা করে তাঁকে মুখ করা হয়। এবং পরে মুখ্যমন্ত্রী করা হয়। বহু পুরনো নেতাকে এখন রেবন্তের অধীনে কাজ করতে হয়। সেঁটে অনেকেই মানতে পারেন না। তাছাড়া ২০২৩ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানির মতো বিস্তর অভিযোগ উঠেছে।
শনিবার কংগ্রেসের সিনিয়র বিধায়ক কোমাত্রিরেড্ডি রাজাগোপাল রেড্ডি প্রকাশ্যেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। তিনি বলছেন, রাজ্য সরকার বিধায়কদের একাংশকে বঞ্চনা করছে। যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠবৃত্তের নন, তাঁদের এলাকায় কাজ দেওয়া হচ্ছে না। উন্নয়নমূলক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। রাজাগোপাল রেড্ডি একপ্রকার হুঁশিয়ারির সুরে বলেছেন, “এভাবে চলতে থাকলে রাজ্যে ফের কুরুক্ষেত্র হবে।” এর আগে জাদচেরিয়ার বিধায়ক অনিরুদ্ধ রেড্ডি অভিযোগ করেছিলেন, রাজ্যে ছোটখাট উন্নয়নমূলক কাজের জন্যও আধিকারিকদের ১০-২০ শতাংশ কাটমানি দিতে হয়। এর আগে রাজ্যের মন্ত্রী দামোদর রাজেন্দ্রসিমহা, টি লক্ষ্মীকান্ত রাওয়ের মতো বিধায়করাও রেবন্তের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।
সার্বিকভাবে ২০২৮-এর বিধানসভা নির্বাচনের আগে বেশ চাপে রেবন্ত। যদিও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এসবকে পাত্তা দিতে নারাজ। তিনি উলটে বলছেন, “যেসব বিধায়করা এসব বলছেন, তাঁদের পাগল কুকুরে কামড়েছে। সরকার সঠিক পথে মানুষের জন্য কাজ করছে।” রেবন্তের ওই মন্তব্য যে দলের অন্দরের বিবাদ আরও বাড়াতে পারে, সেটা বোধ হয় বলার অপেক্ষা রাখে না।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান