স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৫ নভেম্বর : রবিবার ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস। এ উপলক্ষ্যে ছামনুতে ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া কোন কিছু সম্ভব নয়। শিক্ষার আলো মানুষের ঘরে ঘরে পৌঁছালে তবেই সমাজ পরিবর্তন হবে। জনজাতি ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সম্প্রতি জনজাতি উন্নয়ন সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা রাজ্য তিনটি জাতীয় পুরুস্কার অর্জন করেছে।
রাজ্যে আগে নেতা নেত্রীরা শুধুই ভাষণ দিত। কাজের বেলায় অষ্টরম্বা। বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। মুখ্যমন্ত্রী এইদিনের অনুষ্ঠানে আরও বলেন রবিবার প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ৫ টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন করেছেন। বর্তমানে রাজ্যে ২১ টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন পাওয়া গেছে।
২০১৮ সালের পূর্বে ৪ টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় ছিল। নতুন করে যে ২১ টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন পাওয়া গেছে তার মধ্যে ইতিপূর্বে ১২ টি চালু হয়ে গেছে। রবিবার আরও ৫ টি উদ্বোধন করা হয়েছে। প্রান্তিক জায়গায় এই ধরনের একটা সুন্দর বিদ্যালয় হবে তা ভাবাও যায় না। মুখ্যমন্ত্রী আরও বলেন জনজাতি শিক্ষার্থীদের গুণগত শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছে সরকার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক শম্ভু লাল চাকমা, মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডঃ কে. শশিকুমার, জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচ বি, টিটিএএডিসির এমডিসি ইসমাইল জয় ত্রিপুরা সহ অন্যান্যরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান