আগরতলা, ১৫ নভেম্বর (হি.স.) : মাত্র ২৫ বছর বয়সে কারাগারে জীবনাবসান হলেও ভগবান বিরসা মুণ্ডার সংগ্রাম ও আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। তাঁর আদর্শ ও অধিকার রক্ষার আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছিলেন ত্রিপুরার জনজাতি নেতারাও। রতনমনি রিয়াং, দশরথ দেববর্মা, রতনমনি নোয়াতিয়া সহ একাধিক জনজাতি নেতৃত্বের আন্দোলনেও বিরসা মুন্ডার চিন্তাধারার প্রভাব লক্ষ্য করা যায়। রবিবার রাজধানীর দশরথ দেব অডিটোরিয়ামে ষষ্ঠ জনজাতীয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
উল্লেখ্য, দেশের অন্যতম অবিসংবাদিত জনজাতি স্বাধীনতা সংগ্রামী তথা মহান বিপ্লবী ভগবান বিরসা মুণ্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রবিবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষয়ে রাজধানীর দশরথ দেব অডিটোরিয়ামে রাজ্যের জনজাতি কল্যাণ দফতরের অধীন ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট এবং ত্রিপুরা স্টেট অ্যাকাডেমি অফ ট্রাইবেল কালচারের যৌথ উদ্যোগে ষষ্ঠ জনজাতীয় গৌরব দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
অনুষ্ঠানের শুরুতে দেশের বীর জনজাতি স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল সহ উপস্থিত অতিথি ও বিশিষ্টজনেরা। তাঁকে স্মরণ করে তাঁর সংগ্রামী জীবন, আত্মত্যাগ এবং জনজাতি সমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, পরাধীন ভারতবর্ষে জনজাতি সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে তাঁদের অধিকার, আত্মমর্যাদা ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন ভগবান বিরসা মুন্ডা। ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে তাঁর আন্দোলন জনজাতি সমাজের মধ্যে নতুন চেতনা ও আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। অত্যন্ত অল্প বয়সে, মাত্র ২৫ বছরেই কারাগারে তাঁর মৃত্যু হলেও তাঁর সংগ্রাম ও আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক।
রাজ্যপাল আরও বলেন, বিরসা মুণ্ডার আন্দোলন কেবল নির্দিষ্ট কোনও অঞ্চল বা জনজাতি সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাঁর সংগ্রামের প্রভাব দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতেও তাঁর আন্দোলনের প্রভাব অনুভূত হয়েছিল। রাজ্যের রতনমনি রিয়াং, দশরথ দেববর্মা, রতনমনি নোয়াতিয়া সহ বিভিন্ন জনজাতি নেতৃত্ব নিজেদের সমাজকে ঐক্যবদ্ধ করা এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। বিরসা মুন্ডার সংগ্রামী আদর্শ সেই আন্দোলনগুলিকে অনুপ্রাণিত করেছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জনজাতি সমাজের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয় দেশের সামগ্রিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। জনজাতি সমাজের বীর সন্তানদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। তাঁদের অবদান যথাযথভাবে স্মরণ করার পাশাপাশি তাঁদের আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
এদিকে, ষষ্ঠ জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জনজাতি সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে। বিভিন্ন অনুষ্ঠানে ভগবান বিরসা মুণ্ডার জীবনসংগ্রাম, জনজাতি সমাজের অধিকার এবং ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি জনজাতি সমাজের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।
ভগবান বিরসা মুণ্ডার ১৫১তম জন্মজয়ন্তীতে তাঁর সংগ্রামী জীবন ও আদর্শকে স্মরণ করে রাজ্যজুড়ে পালিত জনজাতীয় গৌরব দিবসের মূল বার্তা হয়ে ওঠে জনজাতি সমাজের ঐক্য, অধিকার রক্ষা এবং নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের মর্যাদা প্রতিষ্ঠা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান