কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) : মহাসপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ চোরবাগান সর্বজনীনে ভিড়ের চাপে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। উপচে পড়া জনস্রোতের জেরে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলা ও পদাঘাতের আশঙ্কায় আহত হয়েছেন ৩৫ জনেরও বেশি দর্শনার্থী। একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সিল করা হয়েছে মণ্ডপ ।
হাসপাতাল সূত্রে প্রাথমিক আশঙ্কার খবর অনুযায়ী, এই ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারিভাবে এখনো মৃত্যুর কোনো নিশ্চিত পরিসংখ্যান বা চূড়ান্ত ঘোষণা করা হয়নি। আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘনঘন জখমদের হাসপাতালে আনার ফলে ঠিক কতজন হতাহত হয়েছেন বা কার কী অবস্থা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে আপাতত চোরবাগানের ওই দুর্গাপুজো মণ্ডপটি সম্পূর্ণ সিল করে দিয়েছে পুলিশ।
কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ গিরিশ পার্ক থানা এলাকার চোরবাগান পুজো মণ্ডপের এক্সিট বা বেরোনোর গেটের কাছে এই পদপিষ্টের ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে আসা মানুষের অতিরিক্ত ভিড় ও জটলার কারণেই এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই কলকাতা পুলিশের কন্ট্রোল রুম, দমকল বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স ও স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৩৫ জনকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি জরুরি টোল-ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। দুর্ঘটনা সংক্রান্ত যেকোনো তথ্য বা সাহায্যের জন্য 18003455678 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন। প্রশাসনের শীর্ষকর্তারাও পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান