Monday, November 23, 2026
বাড়ি বিশ্ব সংবাদ চিন থেকে বাংলাদেশে যাচ্ছিল মিসাইল তৈরির বিপুল সরঞ্জাম! রুখে দিল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

চিন থেকে বাংলাদেশে যাচ্ছিল মিসাইল তৈরির বিপুল সরঞ্জাম! রুখে দিল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

চিন থেকে বাংলাদেশে যাচ্ছিল মিসাইল তৈরির বিপুল সরঞ্জাম! রুখে দিল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৩ : বিপুল পরিমাণ বিস্ফোরক ভর্তি একটি জাহাজকে আটক করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী। রহস্যময় জাহাজটি চিনের লিয়াংগুয়াং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের দিকে যাচ্ছিল বলে জানা যাচ্ছে। কিন্তু মাঝসমুদ্রে জাহাজটি গতিবিধি নিয়ে সন্দেহ হয়। এরপরেই সেটি আটক করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। আর সেই জাহাজে তল্লাশি চালাতেই রীতিমতো চমকে ওঠেন তদন্তকারীরা। দেখা যায়, জাহাজে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট মজুত করা। তাৎপর্যপূর্ণভাবে উদ্ধার হওয়া বিপুল এই রাসায়নিক রকেট এবং মিসাইল তৈরির জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, জাহাজটি রাখা ছিল বিপুল পরিমাণ ৪জি সিম।


এই প্রসঙ্গে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, দেশের উপকূলীয় জলসীমায় এমভি স্টার লাইন নামের একটি জাহাজকে আটক করা হয়েছে। চিন থেকে সেটি আসছিল। সেনাকর্তার কথায়, জাহাজটিতে মোট ৩৬টি কন্টেনার রাখা ছিল। তার মধ্যে ১৫ টিতেই সোডিয়াম পারক্লোরেট মজুত করা ছিল। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মোবাইলে ব্যবহৃত ৪ জি সিম কার্ডও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা। কিন্তু বাংলাদেশে বিপুল এই সরঞ্জাম কেন পাঠানো হচ্ছিল তা স্পষ্ট নয়। পিছনে বড়সড় নাশকতার ষড়যন্ত্র?


এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ২০০৪ সালের একটি ঘটনা আলোচনায় উঠে এসেছে। সেই সময় চিনা অস্ত্র ভর্তি ১০টি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছিল চট্টগ্রাম বন্দর থেকে। সেই সময়েই বাংলাদেশের মসনদে ছিল বিএনপি সরকার। প্রধানমন্ত্রী পদে খালেদা জিয়া। ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পড়ে দেশের নিরাপত্তা। শুরু হয় তদন্ত। পরবর্তী সময়ে জানা যায়, ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলির জঙ্গি সংগঠনগুলির জন্য বিপুল ওই অস্ত্র আনা হয়েছিল। চিন থেকে বাংলাদেশ হয়ে বিপুল ওই অস্ত্র জঙ্গিদের হাতে পৌঁছে দেওয়াই ছক ছিল। বর্তমানে বাংলাদেশের মসনদে খালেদা-পুত্র তারেক রহমান। তাঁর শাসনকালে নতুন করে বাংলাদেশের কাছাকাছি এসেছে চিন-পাকিস্তান। দেশজুড়ে প্রবল ভারত বিরোধী হাওয়া। এই পরিস্থিতিতে বাংলাদেশগামী বিপুল বিস্ফোরক বোঝাই জাহাজ আটকের ঘটনা সামনে আসতেই সতর্ক নয়াদিল্লি। প্রকাশিত খবর অনুযায়ী, কুটনৈতিক চ্যানেলের মাধ্যমের পুরো বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ার কাছে তথ্য চেয়েছে ভারত।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha