নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি.স.): চিকিৎসা সরঞ্জামে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে বড় সাফল্য। ভারতে তৈরি প্রথম সিরিয়াল-নম্বরযুক্ত অত্যাধুনিক ‘ইপি-৬০০০’ এন্ডোস্কোপি সিস্টেম নয়াদিল্লির এইমস-কে উৎসর্গ করল ফুজিফিল্ম ইন্ডিয়া। সোমবার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কোজি ওয়াডার নেতৃত্বে এক প্রতিনিধি দল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই যুগান্তকারী উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠান এইমস-কে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই উচ্চমানের এন্ডোস্কোপি সিস্টেম প্রদান স্বাস্থ্য পরিষেবায় বড় ভূমিকা রাখবে। আলোচনাকালে ফুজিফিল্মের প্রতিনিধিরা জানান, আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় ‘ফ্লেক্সিবল এন্ডোস্কোপি’-সহ উন্নত প্রযুক্তির ব্যবহার দিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর ফলে চিকিৎসকরা আরও নির্ভুল রোগ নির্ণয় করতে পারছেন। পাশাপাশি ‘মিনিম্যালি ইনভেসিভ’ বা ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে জটিল চিকিৎসার সুবিধা মেলায় রোগীদের অস্ত্রোপচার-পরবর্তী শারীরিক ধকল কমছে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব হচ্ছে।
বৈঠকে প্যানক্রিয়াটিক বা অগ্ন্যাশয়ের ক্যান্সারের মতো জটিল ও প্রাণঘাতী রোগের সময়মতো নির্ভুল নির্ণয় ও আধুনিক ব্যবস্থাপনায় এই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চিকিৎসা ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জাম উৎপাদনে এমন পদক্ষেপ দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশাপ্রকাশ করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান