Saturday, October 17, 2026
বাড়ি খেলা ‘খুব অন্যায়’, ভারতের দল ঘোষণা হতেই ফেটে পড়লেন অশ্বিন, জাদেজার বিদায় কি নিশ্চিত?

‘খুব অন্যায়’, ভারতের দল ঘোষণা হতেই ফেটে পড়লেন অশ্বিন, জাদেজার বিদায় কি নিশ্চিত?

‘খুব অন্যায়’, ভারতের দল ঘোষণা হতেই ফেটে পড়লেন অশ্বিন, জাদেজার বিদায় কি নিশ্চিত?

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৭ অক্টোবর :  শুক্রবার রাতে বহু প্রতীক্ষিত নিউজিল্যান্ড সিরিজের জোড়া ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রথম ৩ ওয়ানডের জন্য একরকম দল, শেষ দুই ওয়ানডের জন্য আরেক রকম। কিন্তু দুই দলের কোনওটিতেই নাম নেই দুই হতভাগ্য ক্রিকেটারের। একজনের নাম যশস্বী জয়সওয়াল। জাতীয় দলের জার্সিতে নিয়মিত চমকপ্রদ পারফরম্যান্সের পরও যাকে লাগাতার ব্রাত্য থাকতে হচ্ছে। আরেকজন রবীন্দ্র জাদেজা। যিনি নিজের কেরিয়ারের সায়াহ্নে। এই দুই ক্রিকেটারের বাদ পড়া নিয়েই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে আলোড়ন।


প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন যেমন যশস্বী জয়সওয়াল বাদ পড়ায় যারপরনাই হতাশ। নিজের ইউটিউব চ্যানেলে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। অশ্বিন বলছেন, জয়সওয়ালের বাদ পড়াটা দুর্ভাগ্যজনক এবং হতাশার। জাতীয় দলের জার্সিতে এত রান করার পরও কেন বারবার তাঁকে ব্রাত্য রাখা হচ্ছে সেটার যুক্তি খুঁজে পাচ্ছেন না অশ্বিন। বিশেষ করে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শেষ দুই ওয়ানডে-তে যেখানে অধিনায়ক শুভমান গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে, সেখানে অন্তত যশস্বীর সুযোগ পাওয়া উচিত ছিল বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় স্পিনার।

অশ্বিন বলছেন, “এই সিদ্ধান্ত খুব দুর্ভাগ্যজনক এবং অন্যায়। শুভমান গিল যদি শেষ দু’ম্যাচ না খেলেন তাহলে অবশ্যই তাঁর জায়গাটা যশস্বীর পাওয়া উচিত। এটা দুর্ভাগ্য, এতে ওর আত্মবিশ্বাস নড়ে যেতে পারে। বিশেষ করে ও যেভাবে লাগাতার রান করছে।” অশ্বিন মনে করছেন, “নির্বাচকরা যদি ভেবেই থাকেন, যে টেস্টের প্রস্তুতি কথা মাথায় রেখে শেষ দু’ম্যাচে যশস্বীকে রাখাটা ঠিক হবে না, তাহলে সেটাও মস্ত বড় ভুল। বরং ওই দুই ম্যাচ খেলালে ও কিছুটা ম্যাচ প্র্যাকটিস পেয়ে যেত।”


আলোচনা আরও একজনকে নিয়ে হচ্ছে। তিনি রবীন্দ্র জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ওয়ানডে-তে তাঁকে বাদ দেওয়া হয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সুযোগ পাননি। প্রশ্ন উঠছে, জাদেজাকে কি ২০২৭ বিশ্বকাপের দলে দেখছেন না নির্বাচকরা? বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েই দিয়েছেন, স্পিনার অলরাউন্ডার হিসাবে বিশ্বকাপের দৌড়ে এগিয়ে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। জাদেজাকে আর ভাবা হবে না। ফলে যা দাঁড়াল, তাতে হয়তো ভারতের ওয়ানডে জার্সিতে শেষ ম্যাচ খেলা হয়ে গিয়েছে জাড্ডুর।


জেনে নেওয়া যাক ওয়ানডের দলে কারা কারা আছেন-

প্রথম তিন ম্যাচের দল– শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটকিপার), নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ঈশান কিষাণ (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও কুলদীপ যাদব।


শেষ দুই ম্যাচের দল– শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার/সহ অধিনায়ক), নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবি, গুরনুর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha