Tuesday, November 24, 2026
বাড়ি বিশ্ব সংবাদ করাচির পথে বিরাট মিছিল, স্বাধীন ‘সিন্ধুদেশে’র ডাক

করাচির পথে বিরাট মিছিল, স্বাধীন ‘সিন্ধুদেশে’র ডাক

করাচির পথে বিরাট মিছিল, স্বাধীন ‘সিন্ধুদেশে’র ডাক

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৪ :   পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে দীর্ঘস্থায়ী বিদ্রোহে অস্বস্তিতে শাহবাজ সরকার ও পাক সেনা। এই অবস্থায় বিদ্রোহ দমনে পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে দেশটিকে বেশ কয়েকটি ছোট প্রশাসনিক অঞ্চলে ভাগ করার পরিকল্পনা করছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এর বিরুদ্ধে মঙ্গলবার করাচি-সহ সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ পদযাত্রায় অংশ নিলেন। মিছিলে অংশ নেওয়া সিন্ধি জাতীয়তাবাদী সংগঠন ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ’ (জেএসএমএম) পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও রাজনৈতিকভাবে শক্তিশালী প্রদেশ পাঞ্জাবে অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়েছে। এইসঙ্গে সংগঠনের সদস্যরা স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর সমর্থনে স্লোগান দিয়ে ঘোষণা করেন, সিন্ধুর অখণ্ডতা নিয়ে আপস করা হবে না।


পাকিস্তানের চারটি প্রদেশ রয়েছে। সেগুলি হল পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান। একাধিক সাংবাদমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে, ওই চার প্রদেশকে ভেঙে ১২ থেকে ১৫টি ছোট প্রশাসনিক অঞ্চল বা নতুন প্রদেশ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে সেনা ও সরকারের মধ্যে। বিশেষত করাচিকে সিন্ধু থেকে আলাদা করে নতুন প্রদেশ বানানোর গুঞ্জন রয়েছে। পাক পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। ২০২৬ সালের শেষে এই বিষয়ে গণভোট নিয়ে আলোচনার কথাও জানিয়েছেন তাঁরা।



এই পরিকল্পনার বিরুদ্ধেই জোটবন্ধ হয়ে করাচি-সহ সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরে পথে নেমেছে একাধিক বিরোধী রাজনৈতিক শিবিরের নেতা-কর্মীরা। জিয়ে সিন্ধু মুত্তাহিদা মাহাজ এবং জিয়ে সিন্ধু রাহবার কমিটি-সহ বিভিন্ন সিন্ধি জাতীয়তাবাদী সংগঠন অভ্যন্তরীণ মতভেদ ভুলে একসঙ্গে করাচির রাজপথে নেমেছে মঙ্গলবার। বিক্ষোভকারীরা “সিন্ধুর এক ইঞ্চি জমিও ছাড়ব না” স্লোগান দিয়ে সিন্ধুর ঐতিহাসিক সীমানা পরিবর্তনের যেকোনও চেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন।


আন্দোলনকারীদের অভিযোগ, সেনাপ্রধান আসিম মুনির এবং পাঞ্জাব-কেন্দ্রিক শাসকগোষ্ঠী সিন্ধুর রাজনৈতিক ক্ষমতা খর্ব করতে ষড়যন্ত্র করছে। এছাড়াও প্রদেশটির প্রাকৃতিক সম্পদ (তেল, গ্যাস, কয়লা ও কৃষি জমি) দখল করতে এই বিভাজনের পরিকল্পনা করা হয়েছে বলেও তাদের দাবি। এর প্রতিবাদে তারা পাঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছেন। এমনকী পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন সিন্ধুদেশ প্রতিষ্ঠারও দাবি উঠেছে বিক্ষোভ মিছিলে।


পাক সেনা ও সরকারের সমস্যা আসলে দ্বিমুখী। প্রদেশটির সরকারও সিন্ধুর বিভাজনের বিরোধিতায় সরব। ইতিমধ্যে সিন্ধু প্রাদেশিক পরিষদ প্রদেশ বিভাজনের যেকোনও প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বসম্মত প্রস্তাব পাস করেছে। মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ জানিয়েছেন, সিন্ধুর ঐতিহাসিক অখণ্ডতা নিয়ে কোনও আপস করা হবে না। প্রদেশ বিভাজন নিয়ে তুমুল আন্দোলন শুরু হলেও এখনও পর্যন্ত এই বিষয়ে শাহবাজ শরিফ সরকার এবং পাকিস্তানের সেনা মুখ খোলনি।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha