Tuesday, September 22, 2026
বাড়ি খেলা কেরলমে ফুটবল তারকা, বল পায়ে ম্যাজিক দেখাতে কোচিতে রোনাল্ডিনহো

কেরলমে ফুটবল তারকা, বল পায়ে ম্যাজিক দেখাতে কোচিতে রোনাল্ডিনহো

কেরলমে ফুটবল তারকা, বল পায়ে ম্যাজিক দেখাতে কোচিতে রোনাল্ডিনহো

কোচি, ২২ সেপ্টেম্বর (হি.স.): বিমানবন্দর থেকে বেরোনোর মুখে সেই চেনা চওড়া হাসি আর হাত নাড়িয়ে অভিবাদন। আর তাতেই উদ্বেলিত হয়ে উঠল গোটা চত্বর। এক দশক আগেও যাঁদের পায়ের জাদুতে মোহগ্রস্ত হয়ে থাকত গোটা ফুটবল দুনিয়া, সেই সোনালী প্রজন্মের ফুটবল তারকা এখন কেরলমের মাটিতে। ভারতীয় অল স্টার দলের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত প্রদর্শনী ম্যাচে মাঠে নামতে সতীর্থদের সঙ্গে মঙ্গলবার কোচিতে পা রাখলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা রোনাল্ডিনহো।

জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই মেগা প্রদর্শনী ম্যাচকে ঘিরে এখন থেকেই ফুটছে দক্ষিণের এই রাজ্য। কেরলম বরাবরই লাতিন ফুটবলের অন্ধ ভক্ত, বিশেষ করে হলুদ জার্সির প্রতি এই রাজ্যের টান চিরন্তন। ফলে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের তারকাদের চাক্ষুষ করতে বিমানবন্দর থেকেই উপচে পড়া ভিড় চোখে পড়ে। রোনাল্ডিনহোর পাশাপাশি সাম্বা দলের হয়ে মাঠে নামতে আসছেন রিভাল্ডো, এডমিলসন, পাওলো সার্জিও, জিওভানি ও গোলরক্ষক গোমেসের মতো নামী তারকারা।

অন্যদিকে প্রস্তুত দেশের প্রাক্তনীরাও। ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের প্রাক্তনীদের মুখোমুখি হতে নামছেন ভারতীয় ফুটবলের দিকপালরা। আই এম বিজয়ন, বাইচুং ভুটিয়া, সি কে বিনীত এবং জো পল আনচেরির মতো দেশের তারকা ফুটবলাররা দেশের প্রতিনিধিত্ব করবেন। ম্যাচটি কেবল একটি প্রদর্শনী ম্যাচ হলেও মাঠের প্রতিদ্বন্দ্বিতা যে দারুণ উপভোগ্য হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই সমর্থকদের।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha