Tuesday, November 17, 2026
বাড়ি শীর্ষ সংবাদ ক্রিকেটকে চিরবিদায় ধোনির

ক্রিকেটকে চিরবিদায় ধোনির

ক্রিকেটকে চিরবিদায় ধোনির

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১৭ :  আইপিএল থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। রিটেনশনের তালিকা জানানোর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন থালা। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। কারণ তাঁকে সিএসকে-র মেন্টর হিসেবে দেখা যাবে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে আইপিএলে (IPL) খেলে যাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ভোগাচ্ছিল চোট-আঘাত। হাঁটুর চোটে গত মরশুমে একটি ম্যাচও খেলতে পারেননি। আর এবার রিটেনশন তালিকা জানানোর আগেই আইপিএলকে বিদায় জানালেন ৪৫ বছর বয়সি কিংবদন্তি ক্রিকেটার। 


চেন্নাই সুপার কিংসের তরফ থেকে আনুষ্ঠানিক বার্তায় কর্ণধার এন শ্রীনিবাসন জানিয়েছেন, ‘এরকম প্লেয়ার একজনই আসে। এবার নতুন ভূমিকায় দেখা যাবে। এই বন্ধন আজীবন থেকে যাবে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবার চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব নেবেন। অসংখ্য জয়, অনেক কঠিন সময় আর প্রচুর স্মৃতি আমাদের সঙ্গে থেকে যাবে। শুরু থেকেই আমাদের সফরের কেন্দ্রবিন্দু ছিলেন ধোনি। নেতৃত্ব দেওয়া থেকে পরের প্রজন্মকে তৈরি করা, থালা আমাদের এক অংশ। চেন্নাই সবসময় আপনার ঘর হিসেবেই থাকবে।’



আইপিএলে ২৫৬ ম্যাচে ২২২টি ইনিংসে রান ৫১৪১। হাফসেঞ্চুরি করেছেন ২৪টি। তাঁর নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে সিএসকে আইপিএল ট্রফি জেতে। দু’টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ১০ বার আইপিএল ফাইনালে উঠেছে। ২০২৩-র আইপিএল জেতার পর নেতৃত্ব ছেড়ে দেন। কিন্তু দলের ব্যর্থতায় ফের দায়িত্ব নিতে হয়। এখন দল নতুন করে গড়া হচ্ছে। সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াররা নতুন পথ দেখাবেন। একঝাঁক নতুন মুখ উঠে আসছে। কোচিং স্টাফেও বদল করা হচ্ছে। জাহির খান নতুন কোচ হয়েছেন। ‘নতুন’ চেন্নাই ২০২৭-র আইপিএল শুরু করবে প্রিয় মাহিকে ছাড়াই। তবে থাকবেন মাঠের বাইরে, মেন্টর হিসেবে।


আসলে ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক ক্রিকেটের বাইরেও। সেই ২০০৮ থেকে আইপিএলে সিএসকে’র হলুদ জার্সিতে খেলছেন। মাঝে দু’বছর নিষেধাজ্ঞার জন্য অন্য দলে যান। বাকিটা চেন্নাইয়ের ‘থালা’ হয়ে অজস্র সম্মান পেয়েছেন। শুধু পাঁচবার আইপিএল জয়ী অধিনায়ক বা ফিনিশার নন, চেন্নাই-ভক্তদের কাছে ধোনি একটা আবেগের নাম। তবে শুধু সিএসকে সমর্থকরা নন, ধোনিকে একবার মাঠে দেখার অপেক্ষায় থাকতেন বিশ্বের সব প্রান্তের ক্রিকেট-ভক্তরা। গতবার হাঁটুর চোটে খেলেননি। আর এবার অবসর। স্বাভাবিকভাবেই মনখারাপ থালা-ভক্তদের।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha