কাঠমান্ডু, ১৮ অক্টোবর
(হি.স.) : নেপালে আসন্ন উৎসবের মরশুমে নিত্যপ্রয়োজনীয় ও উৎসবের সামগ্রী সরবরাহ স্বাভাবিক
করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে নেপাল ও চিনের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য
চৌকি তাতোপানি সীমান্ত রবিবার থেকে সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে। সীমান্ত খোলার
সঙ্গে সঙ্গেই চিনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত থেকে পণ্যবোঝাই ট্রাক ও কন্টেইনার
নেপালের অভিমুখে প্রবেশ করতে শুরু করেছে।
তাতোপানি শুল্ক দপ্তরের প্রধান দীপেন্দ্র প্রকাশ গিরির তথ্য অনুযায়ী, বাজারে উৎসবের
সামগ্রী এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করতেই চিন
সরকারের পক্ষ থেকে তিন দিনের জন্য এই সীমান্তটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিন্ধুপালচক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বুদ্ধ রাজ বাসনেট জানিয়েছেন
যে সীমান্ত খুলে যাওয়ার পর থেকেই লিপিং এবং কোদারি এলাকায় পণ্যবাহী কন্টেইনারের লম্বা
সারি তৈরি হয়েছে। তিব্বতের নিয়ালম এলাকায় নেপালে প্রবেশের অপেক্ষায় বর্তমানে ৪৫টিরও
বেশি কন্টেইনার দাঁড়িয়ে রয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগে গত ৩১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাতোপানি সীমান্ত
পারাপার সম্পূর্ণ বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল চিন। তবে বর্তমান উৎসবের চাহিদার কথা
মাথায় রেখে সীমান্তটি সাময়িকভাবে পুনরায় খুলে দেওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে
স্বস্তি ফিরেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান