Sunday, November 22, 2026
বাড়ি জাতীয় উত্তরপ্রদেশে ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’ দিল যোগীর পুলিশ, ভোটের মুখে তুঙ্গে বিতর্ক

উত্তরপ্রদেশে ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’ দিল যোগীর পুলিশ, ভোটের মুখে তুঙ্গে বিতর্ক

উত্তরপ্রদেশে ওয়েইসিকে ‘গার্ড অফ অনার’ দিল যোগীর পুলিশ, ভোটের মুখে তুঙ্গে বিতর্ক

স্যন্দন ডিজিটেল ডেস্ক  নভেম্বর ২২ :  ভ্রান্তিবিলাস! উত্তরপ্রদেশের সাহারানপুরে যোগী আদিত্যনাথের অধীনস্থ পুলিশের কাছে ‘গার্ড অফ অনার’ পেলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি । একজন সাধারণ সাংসদকে কেন ‘গার্ড অফ অনার’ দেওয়া হল, প্রশ্ন উঠছে। ওই সম্মান শুধু সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরাই পেয়ে থাকেন। স্বাভাবিকভাবেই এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও পুলিশের দাবি, একজন বিচারপতির জন্য গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়েছিল। ভুলবশত সেটা দেওয়া হয় ওয়েইসিকে।


আসলে শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে যাওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের এক বিচারপতির। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়ার ব্যবস্থা করে জেলা পুলিশ। সেটাই দস্তুর। কিন্তু আচমকা সেখানে হাজির হন ওয়েইসি। তাঁর সার্কিট হাউসে যাওয়ার পরিকল্পনা ছিল না। কিন্তু ভোটপ্রচারের মাঝে বিশ্রাম নিতে আচমকাই সার্কিট হাউসে চলে যান হায়দরাবাদের সাংসদ। উপস্থিত পুলিশকর্মীরা ভুলবশত তাঁকেই গার্ড অফ অনার দিয়ে দেন। পরিস্থিতিতে প্রাথমিকভাবে হকচকিয়ে যান ওয়েইসি। পরে অবশ্য তিনি পুলিশের অভিবাদন গ্রহণ করেন তিনি।


কিন্তু ওয়েইসির মতো সাধারণ সাংসদকে কেন গার্ড অফ অনার? সাহারানপুরের পুলিশ সুপার ভুল মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ওয়েইসির ওই সম্মান পাওয়ার কথা নয়। একজন বিচারপতির জন্য গার্ড অফ অনারের বন্দোবস্ত করা হয়েছিল। ভুলবশত সেটা ওয়েইসি পান। কার গাফিলতিতে এই ভুল, পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।


বস্তুত, ওয়েইসিকে দীর্ঘদিন ধরেই বিজেপির বি টিম বলে অভিযোগ করে আসেছে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের শরিকরা। এবার উত্তরপ্রদেশেও চন্দ্রশেখর আজাদের সঙ্গে জোট বেঁধে ভোট ময়দানে নামছেন তিনি। ইতিমধ্যেই জেলায় জেলায় গিয়ে জোর প্রচারও চালাচ্ছেন। স্বাভাবিকভাবেই আগামী দিনে এই গার্ড অফ অনার পাওয়া নিয়ে তাঁকে যদি বিরোধীদের থেকে রাজনৈতিক খোঁচা শুনতে হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।


 


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha