Saturday, September 19, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইরানের সরকার পতন ও হামাস নির্মূলের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের সরকার পতন ও হামাস নির্মূলের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরানের সরকার পতন ও হামাস নির্মূলের হুঁশিয়ারি নেতানিয়াহুর

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ সেপ্টেম্বর: ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং হামাসকে নির্মূল করার পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের সদস্যদের সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল হামাসকে নির্মূল করবে এবং প্রথমত ইরানের শাসনব্যবস্থাকে পরাজিত করবে।

তিনি আরও বলেন, প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের অন্যতম লক্ষ্য হলো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় জড়িত ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা। এ ক্ষেত্রে কেউই নিরাপদ নয় বলেও তিনি মন্তব্য করেন।

৬ সেপ্টেম্বর রোশ হাশানাহ উপলক্ষে আয়োজিত সরকারি বৈঠকের এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের শাসনব্যবস্থার অবসান ঘনিয়ে এসেছে এবং তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত বক্তব্য অনুযায়ী, নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ পদক্ষেপে ইসরায়েলের ওপর থাকা ‘অস্তিত্বগত হুমকি অনেকটাই দূর হয়েছে। তিনি পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ইসরায়েলের সামরিক সাফল্যের কথাও তুলে ধরেন।

নেতানিয়াহু বলেন, ইসরায়েল নিজেদের রক্ষা করতে এবং শত্রুদের বিরুদ্ধে পাল্টা আঘাত চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর দাবি, ইরান ইসরায়েলের ওপর হামলা চালানো থেকে বিরত রয়েছে এবং এর কারণ তারা জানে।

তিনি ইরানকে সতর্ক করে বলেন, ইসরায়েলকে পরীক্ষা না করতে। তাঁর বক্তব্য অনুযায়ী, সংকটের সময় ইসরায়েলের জনগণ ঐক্যবদ্ধ হয় এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী শক্তি।

নেতানিয়াহুর এসব বক্তব্য ইসরায়েল-ইরান সংঘাত এবং গাজা যুদ্ধের চলমান পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha