স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৪ : আমেরিকার শিকাগো শহরের প্রাণকেন্দ্রে এবার জায়গা করে নিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, পরিচিতিকে সম্মান জানিয়ে শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হয়েছে ‘মাদার অব ডেমোক্র্যাসি বেগম খালেদা জিয়া ওয়ে’। ২২ নভেম্বর স্থানীয় সময় দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নামফলক উন্মোচন করা হয়। শিকাগোয় বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায়ের কাছে এই উদ্যোগ নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিদেশের মাটিতে বাংলাদেশের একজন প্রাক্তন রাষ্ট্রনায়কের নামে রাস্তার নামকরণ শুধু ব্যক্তিগত সম্মান প্রদর্শন নয়, প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ সাংগঠনিক প্রচেষ্টারও একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নামফলক উন্মোচনের অনুষ্ঠানে বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধি, শিকাগো শহরের জনপ্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের ও একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। শিকাগো শহরে অত্যন্ত পরিচিত উঁচু ভবন উইলিস টাওয়ারের কাছেই রয়েছে নতুন নামাঙ্কিত সড়ক ‘মাদার অব ডেমোক্র্যাসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
এই ভবন একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ভবনটির নকশা ও কাঠামোগত নির্মাণ পরিকল্পনার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের বিশিষ্ট ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খানের নাম। বিশ্বজুড়ে তিনি এফআর খান নামে পরিচিত ছিলেন। সেই বিখ্যাত স্থাপত্যর কাছেই এবার জায়গা পেলেন বাংলাদেশের আর এক পরিচিত ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। ফলে একই এলাকার সঙ্গে জড়িয়ে গেল বাংলাদেশের দুই বিশিষ্ট মানুষের নাম। বাংলাদেশ সংবাদ সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, উইলিস টাওয়ার দেখতে প্রতি বছর প্রায় ২৫ লক্ষ পর্যটক আসেন। ফলে এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় বহু পর্যটকের চোখে পড়বে খালেদা জিয়ার নামাঙ্কিত ফলক। প্রবাসী বাংলাদেশিদের কাছে বিষয়টি তাই বিশেষ গর্বের।
শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের নেতা শাহ মোজাম্মেল নান্টু এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্যোক্তা। স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের মানুষদের সঙ্গে নিয়ে তিনি রাস্তাটির নামকরণের প্রস্তাব এগিয়ে নিয়ে যান। শিকাগো শহরের ৩৬ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি গিলবার্ট ভিলেগাস ২০২৬ সালের ২৩ সেপ্টেম্বর এই নামকরণের প্রস্তাব নগর পরিষদে উত্থাপন করেন। শহরের পরিবহণ ও জনপথ সংক্রান্ত কমিটির বিবেচনার পর প্রস্তাবটি অনুমোদনের পথে এগোয়। এই উদ্যোগের পিছনে শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের দীর্ঘ প্রচেষ্টা রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান