Friday, September 25, 2026
বাড়ি খেলা অবশেষে লক্ষ্যভেদ শুটারদের, এশিয়াডে ভারতের দ্বিতীয় সোনা

অবশেষে লক্ষ্যভেদ শুটারদের, এশিয়াডে ভারতের দ্বিতীয় সোনা

অবশেষে লক্ষ্যভেদ শুটারদের, এশিয়াডে ভারতের দ্বিতীয় সোনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৫ সেপ্টেম্বর :  একঝাঁক রুপো জিতেছেন শুটাররা। খুব কাছে গিয়েও হাতছাড়া হয়েছে সোনা। অবশেষে এশিয়াডে  লক্ষ্যভেদ করলেন ভারতীয় শুটাররা। অবশেষে ভারতের ঝুলিতে এল চলতি এশিয়াডের দ্বিতীয় সোনা। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে স্বর্ণপদক জিতলেন ভারতের কমলজিৎ এবং ইন্দেরজিৎ সিং সুরুচি। প্রতিযোগিতার শুরু থেকেই দাপট ধরে রেখেছিল ভারতীয় জুটি। শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে বিরাট ব্যবধানে ভারতের ঘরে এল চলতি এশিয়াডের দ্বিতীয় সোনা। 


শুক্রবারের শুরুটা বেশ দাপটের সঙ্গেই করেন ইন্দেরজিৎ এবং কমলজিৎ। এশিয়ান রেকর্ড ছুঁয়ে ফাইনালে জায়গা করে নেন ভারতীয় জুটি। পরপর দারুণ স্কোর করে প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে চলে যান একেবারে। ফাইনালের যোগ্যতা অর্জন করার পর ভারতীয় জুটির পারফরম্যান্স হয়ে ওঠে আরও ক্ষুরধার। তবে সোনার পদকের মুখোমুখি লড়াইয়ে কয়েকটা শট খারাপ মারেন তাঁরা। যদিও তাতে সোনা জিততে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। দক্ষিণ কোরিয়াকে ৬.৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা এল ভারতীয় শুটারদের ঝুলিতে।


শুটিংয়ে একটি রুপোও এল শুক্রবার। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন টিমে দ্বিতীয় হয়েছে ভারতীয় পুরুষ দল। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, নীরজ কুমার এবং রুদ্রাঙ্কশ পাটিলের দল সামান্য ব্যবধানে হেরে যায় চিনের কাছে। তবে নীরজ এবং ঐশ্বর্যর সামনে আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন দু’জনেই। যথাক্রমে চতুর্থ এবং তৃতীয় স্থানে রয়েছেন তাঁরা। আপাতত ভারতের ঝুলিতে রয়েছে জোড়া সোনা-সহ মোট ১৯টি পদক। 


অন্যান্য খেলাতেও শুক্রবার সাফল্য এসেছে ইতিমধ্যেই। স্কোয়াশের মিক্সড ডাবলসে জ্যোৎস্না চিনাপ্পা এবং ভেলাভেন সেন্থিলকুমার উঠেছেন সেমিফাইনালে। তাঁদের ব্রোঞ্জ নিশ্চিত। এছাড় টেবিল টেনিসেও মিক্সড ডাবলসের জুটি মানুষ শাহ এবং দিয়া চিটালে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। কবাডিতে ভারতের পুরুষ এবং মহিলা দল উঠেছে সেমিফাইনালে। মহিলাদের হকিতেও সেমিফাইনালে উঠেছে ভারতীয় দল। দলগত বিভাগে হতাশ করলেও ব্যাডমিন্টনে ব্যক্তিগত বিভাগে ভাল শুরু করেছেন ভারতীয় শাটলাররা।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha