স্যন্দন ডিজিটাল ডেস্ক ২১ অক্টোবর : দীর্ঘ জটে আটকে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি। দফায় দফায় আলোচনার পরও মেলেনি রফাসূত্র। কৃষিজ পণ্য-সহ বেশ কিছু বিষয়ে জটের কারণেই আটকে রয়েছে যাবতীয় প্রক্রিয়া। অবশেষে কি সেই জট কাটল? ভারতীয় সময় বুধবার বাণিজ্যচুক্তি নিয়ে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এই চুক্তিটি ওয়াশিংটনের পূর্ববর্তী বাণিজ্য চুক্তিগুলির চেয়ে ভিন্ন হবে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত চুক্তিটি চূড়ান্ত করতে চায়। আমরাও মুখিয়ে আছি। তবে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “এই চুক্তিটি আমাদের আগের করা চুক্তিগুলির চেয়ে একেবারেই ভিন্ন হবে।” তবে প্রস্তাবিত এই চুক্তিটি ঠিক কী ধরনের হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। বর্তমানে ভারত সফরে রয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পথে। তার মাঝেই এবার বড় ঘোষণা করলেন ট্রাম্প।
বাণিজ্য সম্পর্ক নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। একাধিকবার আলোচনার পরও কাটছিল না জট। সূত্রের খবর, বাণিজ্যচুক্তির ক্ষেত্রে মূল জট হয়ে উঠেছে কৃষিপণ্য। আমেরিকা নিজের কৃষিজ পণ্য ভারতে বিক্রি করতে চায়। সে ক্ষেত্রে ভারতের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে দিল্লি। পাশাপাশি, উত্তরপ্রদেশে ভোটের আগে এই পদক্ষেপে নতুন করে কৃষক বিদ্রোহ মাথাচাড়া দিতে পারে বলেও আশঙ্কা। এই অবস্থায় মার্কিন কৃষিজপণ্যকে কোনওভাবেই বাজার ছাড়তে নারাজ ভারত। কিন্তু ট্রাম্পের বক্তব্য, সমস্ত জট প্রায় কাটিয়ে উঠেছে দুই দেশ। বাণিজ্যচুক্তি এখন সময়ের অপেক্ষা। কিন্তু কোন পথে সমাধানসূত্র মিলেছে, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান