Thursday, August 20, 2026
বাড়ি রাজ্য ১৪ দফা দাবিতে সরব হল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি

১৪ দফা দাবিতে সরব হল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি

১৪ দফা দাবিতে সরব হল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ আগস্ট : বর্ধিত বিদ্যুৎ মাসল প্রত্যাহার করা, বিদ্যুৎ বেসরকারীকরণ না করা, স্মার্ট মিটার প্রত্যাহার করা সহ ১৪ দফা দাবিতে সরব হল বিদ্যুৎ গ্রাহক কর্মচারী কল্যাণ সমিতি। পানিসাগর বিদ্যুৎ নিগমে গণডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার। এদিন দুপুরে পানিসাগর রেগুলেটেড মার্কেট থেকে সংগঠনের সদস্য সমর্থকদের পক্ষ থেকে একটি র‍্যালি করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পানিসাগর বিদ্যুৎ দপ্তরে পৌঁছায়। পরে সংগঠনের প্রতিনিধিদল বিদ্যুৎ দপ্তরের ডিজিএমের সঙ্গে সাক্ষাৎ করে ১৪ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা, গ্রাহকদের স্বার্থ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিতভাবে দাবি তুলে ধরা হয়।‌ দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ২০২৫ সালের বৈদ্যুতিক আইন প্রত্যাহার করা, স্মার্ট মিটার স্থাপন বন্ধ করা, বিদ্যুৎ নিগম বেসরকারিকরণ রোধ করা এবং স্মার্ট মিটারের পরিবর্তে পুরনো পদ্ধতির ডিজিটাল মিটার পুনরায় স্থাপনের দাবি। এছাড়াও বিদ্যুৎ দপ্তরের কর্মচারীরা কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হলে তাঁদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার দাবিও জানানো হয়।

 সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিদ্যুৎ পরিষেবা মিটার ব্যবস্থা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে বিভিন্ন ধরনের উদ্বেগ অসন্তোষ রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মচারীদের কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং দুর্ঘটনার ক্ষেত্রে যথাযথ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ গ্রাহক কর্মচারী কল্যাণ সমিতি পানিসাগর কমিটির সভাপতি গৌছ উদ্দিন, সম্পাদক শংকর প্রসাদ দেব, সদস্য মাখন নাথ, প্রিথি বালা নাথ সহ অন্যান্যরা। ডেপুটেশন প্রদান শেষে বিদ্যুৎ দপ্তরের ডিজিএম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। তাঁদের উত্থাপিত দাবিগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha