নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): দেশের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম বিরোধী দল সংসদে আলোচনা থেকে বিরত থাকলো, বৃহস্পতিবার এমনই অভিযোগ করলো কেন্দ্রের শাসক দল বিজেপি। কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, সরকার বারবার বিরোধীদের আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু বিরোধীরা সংসদে আলোচনা করা থেকে পালিয়ে গিয়েছে।
উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশনের সমাপ্তি হয়েছে বৃহস্পতিবার। তার পরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, এই বাদল অধিবেশনে ১২টি বিল পাস হয়েছে। ফলাফলের হিসেবে এই অধিবেশন ভাল হলেও, আলোচনার প্রেক্ষিতে বাদল অধিবেশন একেবারেই ভালো ছিল না।
কিরেন রিজিজু এদিন বলেন, তাঁর ৩০ বছরের সংসদীয় জীবনে এমন ঘটনা আগে কখনও দেখে়ননি। এই প্রথম বিরোধী দল আলোচনা থেকে বিরত থেকেছে। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারকে প্রশ্ন করে, জবাব চায়। কিন্তু এবারে বিরোধী দল আলোচনা থেকে পালিয়েছে। এমনকি প্রশ্নোত্তর পর্বও চলতে দেয়নি। মন্ত্রীরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও তারা তা শুনতে রাজি ছিল না। তিনি বলেন, লোকসভায় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল ছাড়া বাকি ১১টি বিলই কোনও আলোচনা ছাড়াই পাস হয়েছে। তবে এও বলেন, রাজ্যসভায় কংগ্রেসের একটি অংশ ছাড়া অধিকাংশ সদস্যই আলোচনায় অংশ নিয়েছিলেন।
কিরেন রিজিজু এই নিয়ে কংগ্রেসকে কটাক্ষও করেন। বলেন, কংগ্রেসের অনেক সাংসদ এখন ভাবতে শুরু করেছেন, তাঁদের কাজ কেবল প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেওয়াতেই সীমাবদ্ধ। তিনি কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, কংগ্রেসের নতুন সাংসদদের জন্য আমার খারাপ লাগছে। আমি কংগ্রেসের এই সাংসদদের কষ্ট বুঝতে পারি। তিনি বলেন, আশা করি সংসদের শীতকালীন অধিবেশন হয়তো তুলনামূলক ভালো হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান