Sunday, November 8, 2026
বাড়ি জাতীয় সাফল্যের জন্য সঠিক উদ্দেশ্য ও সঠিক নীতি অপরিহার্য : প্রধানমন্ত্রী

সাফল্যের জন্য সঠিক উদ্দেশ্য ও সঠিক নীতি অপরিহার্য : প্রধানমন্ত্রী

সাফল্যের জন্য সঠিক উদ্দেশ্য ও সঠিক নীতি অপরিহার্য : প্রধানমন্ত্রী

 



বস্তার, ৮ নভেম্বর (হি.স.): নকশালবাদ দমনে পূর্বতন ইউপিএ সরকারের নীতিহীনতা ও নিষ্ক্রিয়তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ছত্তিশগড়ের বস্তারে সুরক্ষাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপনের সময় তিনি স্পষ্ট জানান, বিগত সরকারগুলি নকশাল সমস্যাকে ‘দুরারোগ্য ব্যাধি’ হিসেবে দেগে দিয়ে দায় এড়িয়ে গিয়েছিল। কিন্তু সঠিক নীতি ও সদিচ্ছার জোরে আর্থিক মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়েই মাওবাদী সন্ত্রাসের সম্পূর্ণ অবসান ঘটানো সম্ভব হয়েছে।

জওয়ানদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মাওবাদী সন্ত্রাস ও নকশালবাদের বিরুদ্ধে লড়াইটা একেবারেই সহজ ছিল না। এই নকশালেরা সাধারণ মানুষের ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল। এক একটি বছরেই প্রায় দু’হাজারটি পর্যন্ত নকশাল হামলার ঘটনা ঘটত। ২০১০ সালে পাশের দান্তেওয়াড়ায় নকশালদের সঙ্গে এনকাউন্টারে আমাদের সিআরপিএফ-এর ৭৬ জন সাহসী জওয়ান শহিদ হয়েছিলেন। ওই একই বছর দান্তেওয়াড়ায় অপর এক নৃশংস হামলায় ৪৪ জন নিরীহ সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছিলেন। বীর জওয়ানদের রক্তে ভেসে গিয়েছিল এই মাটি।"

পূর্বতন শাসকদের উদাসীনতার দিকে আঙুল তুলে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "সেই সময় রাজপ্রাসাদে বসে থাকা প্রভাবশালী নেতাদের মুখ থেকে একটিও যন্ত্রণার শব্দ শোনা যায়নি, তাঁদের চোখ থেকে এক ফোঁটাও জল পড়েনি। বছরের পর বছর প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও এ ধরনের রক্তাক্ত হামলা চলত। কয়েক দশকে কেবল ছত্তিশগড়েই এক হাজারের বেশি সুরক্ষাকর্মী শহিদ হয়েছিলেন। ২০০৪ থেকে ২০১৩ সালের সরকারি পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে, প্রতি বছর যতজন নকশাল খতম হতো, তার চেয়ে অনেক বেশি সংখ্যায় শহিদ হতেন আমাদের বীর জওয়ানেরা। দুর্ভাগ্যজনকভাবে, তৎকালীন সরকারগুলি নকশালবাদকে এক নিরাময়হীন ব্যাধি বলে ধরে নিয়ে হাত গুটিয়ে বসেছিল। শত্রুর সামনে ‘এভাবেই সব চলবে’ এমন মনোভাব নিয়ে কোনো সার্বভৌম রাষ্ট্র টিকে থাকতে পারে না।"

কড়া সিদ্ধান্ত ও নকশালদের কোমর ভেঙে দেওয়ার কৌশল ব্যাখ্যা করে নরেন্দ্র মোদী বলেন, "সাফল্যের জন্য সঠিক উদ্দেশ্য ও সঠিক নীতি অপরিহার্য। জাতীয় সুরক্ষার স্বার্থে আমরা একের পর এক অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নিয়েছি। এমন বহু পদক্ষেপও নেওয়া হয়েছে যা সাধারণ মানুষের এখনও অগোচরে রয়ে গেছে। এই সমস্ত সিদ্ধান্তের ফলেই নকশাল ও বিচ্ছিন্নতাবাদীদের যাবতীয় আর্থিক জোগান বা ফান্ডিংয়ের উৎসে সরাসরি আঘাত হানা গেছে। জাল নোটের বিশাল নেটওয়ার্ক সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ফলে শুধু তাদের আর্থিক মেরুদণ্ডই ভাঙেনি, অস্ত্রের জোগান ও সামগ্রিক সরবরাহ ব্যবস্থাও সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে। যার সরাসরি প্রভাবে নকশালদের নতুন নিয়োগ ও অবাধ গতিবিধিতে স্থায়ী তালা ঝুলেছে।" সঠিক রাজনৈতিক সদিচ্ছা ও জওয়ানদের পরাক্রমের ফলেই আজ গোটা দেশ মাওবাদী সন্ত্রাস মুক্ত হয়েছে বলে দৃঢ়তার সঙ্গে জানান প্রধানমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha