Sunday, November 8, 2026
বাড়ি রাজ্য সদ্যোজাত শিশুর মৃত্যু, চিকিৎসকের গাফিলতি অভিযোগ

সদ্যোজাত শিশুর মৃত্যু, চিকিৎসকের গাফিলতি অভিযোগ

সদ্যোজাত শিশুর মৃত্যু, চিকিৎসকের গাফিলতি অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ নভেম্বর : বিলোনিয়া হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সদ্যোজাত শিশুর মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে আসে। অভিযোগ বিলোনিয়া হাসপাতালের কর্মরত চিকিৎসক অরূপ রায়ের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, বিলোনিয়ার বরপাথরি কমলাকান্ত পাড়ার বাসিন্দা জয় মানিক ত্রিপুরা তাঁর গর্ভবতী স্ত্রী রেবিকা ত্রিপুরাকে প্রসব যন্ত্রণা শুরু হলে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়।পরিবারের অভিযোগ, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অরূপ রায় গর্ভবতী রেবিকা ত্রিপুরাকে পরীক্ষা-নিরীক্ষা করার সময়ই শিশুটির শরীরের অর্ধেক অংশ বেরিয়ে আসে। এরপর চিকিৎসক অরূপ রায় তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন।

কিন্তু অভিযোগ, আগরতলার জিবিপি হাসপাতালে পৌঁছানোর পর সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মৃত শিশুর বাবা ও পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, বিলোনিয়া হাসপাতালেই যদি প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হতো এবং সময়মতো যথাযথ পদক্ষেপ নেওয়া হতো, তাহলে হয়তো সদ্যোজাত শিশুটিকে বাঁচানো সম্ভব হতো। যদিও চিকিৎসায় গাফিলতির এই অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে সদ্যোজাত শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন মা-বাবা সহ আত্মীয়-পরিজনরা। একটি নতুন প্রাণের পৃথিবীর আলো দেখার আগেই এভাবে নিভে যাওয়ায় শোকস্তব্ধ গোটা পরিবার। এখন পরিবারের একটাই দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক এবং চিকিৎসায় কোনও গাফিলতি হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

 




 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha