স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : শুক্রবার বিকাল চারটায় ঘোষণা হতে পারে পুর ভোট।
তারপর লাগু হয়ে যাবে নির্বাচনী নিয়ম নীতি। ভোটে নির্ঘণ্ট ঘোষণা করবেন রাজ্য নির্বাচন
দপ্তরের কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে আসন্ন নির্বাচনে
কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আনা হবে কিনা সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন তিনি। খবর লেখা
পর্যন্ত এমনটাই সূত্রের খবর।
এদিকে বৃহস্পতিবার
প্রজ্ঞা ভবনে রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আর এই রিটার্নিং
অফিসারের প্রশিক্ষণ কর্মসূচিকে কেন্দ্র করে পুর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা যে শুধু সময়ের
অপেক্ষা তা বলা বাহুল্য। নির্বাচন ঘোষণার সম্ভাবনাকে সামনে রেখে প্রশাসনিক মহলে তৎপরতা
এখন তুঙ্গে। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার
পি.কে চক্রবর্তী জানান, নির্বাচন পরিচালনার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনও
দিন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। পি.কে চক্রবর্তীর বক্তব্যের পরই শুক্রবার
নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়ে
গেছে। উল্লেখ্য, আগরতলা পুর নিগম সহ রাজ্যের মোট ২১ টি নগর সংস্থার নির্বাচনকে কেন্দ্র
করে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রিটার্নিং
অফিসারদের চূড়ান্ত প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান