স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৯ অক্টোবর ; একটিমাত্র পুষ্টি প্রকল্প সঠিকভাবে পরিচালনা করতে পারছে না রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। সরকার এবং দপ্তরের চরম গাফিলতির কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। প্রাথমিক পর্যায়েই পড়াশোনা থেকে উৎসাহ হারাচ্ছে কচিকাঁচারা। উত্তর জেলার লালজুড়ি ব্লকের আওতাধীন জয়মনিপাড়া গ্রাম পঞ্চায়েতের রবি রায়পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের অবস্থা দীর্ঘ দশ বছর ধরে বেহাল।
স্থানীয়দের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির ছাউনি দিয়ে বৃষ্টির সময় ভেতরে পড়ে, দেওয়ালে ফাটল দেখা দিয়েছে, নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, নেই শৌচালয় ও পানীয় জলের সুব্যবস্থা। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কচিকাঁচা থেকে শুরু করে গর্ভবতী মায়েদের। সরকার যেখানে শিশুদের পুষ্টি ও প্রাক-প্রাথমিক শিক্ষার উপর জোর দিচ্ছে, সেখানে এই কেন্দ্রের বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। বর্ষার দিনে ছাতা মাথায় দিয়ে চলে পঠনপাঠন ও মিড ডে মিল খেতে হয়। কারণ অঙ্গনওয়াড়ি ঘরটির টিনের ছাউনি নেই। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর টিন লাগানো হয়নি। এলাকাবাসীর দাবি, বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা।শীঘ্রই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তবে এই খবর কতটা গুরুত্ব দেবে সরকার সেটা এখন বড় বিষয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান