নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি ভবন থেকে বেরোনোর পর রাহুল গান্ধীর বক্তব্য এবং 'স্টারলিংক' ইস্যুতে বিরোধী নেতৃত্বের অবস্থান নিয়ে কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি জাতীয় মুখপাত্র তথা সাংসদ সম্বিত পাত্র। রাহুল গান্ধীকে 'নালায়ক নেতা' ও 'নৈরাজ্যবাদী' বলে কটাক্ষ করার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে 'মোদী বনাম মীরজাফরের লড়াই' বলে দাবি করেন তিনি।
শনিবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেন, "গতকাল কয়েকজন রাজনীতিক রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে রাহুল গান্ধী যে ধরনের মন্তব্য করেছেন, তা একজন 'নালায়ক নেতা'-র মতো। ইতিপূর্বে কোনোদিন দেশের রাষ্ট্রপতিকে এভাবে রাজপথের আন্দোলনের মধ্যে টেনে আনার অপচেষ্টা হয়নি। কিন্তু এই নৈরাজ্যবাদী রাহুল গান্ধী ভারতের রাষ্ট্রপতিকেও সেই নৈরাজ্যের মধ্যে টেনে নামাতে চাইলেন, যা তিনি নিজে দেশের রাজপথে সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।"
অন্যদিকে, ইলন মাস্কের উপগ্রহ ইন্টারনেট পরিষেবা 'স্টারলিংক' নিয়ে বিরোধী নেতাদের সাম্প্রতিক প্রতিক্রিয়ার কড়া জবাব দেন বিজেপি সাংসদ। তিনি বলেন, "এটা আসলে মোদী বনাম মীরজাফরের লড়াই। এরা এমন মানুষ, যারা ক্ষমতার লোভে গোটা দেশকে বন্ধক রাখতেও পিছপা হবে না।" বিরোধীদের আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও তোপ দাগেন, "রাজপথে এই যে নৈরাজ্য ছড়ানোর চেষ্টা চলছে, দেশের মানুষের জেনে রাখা দরকার যে এরা ভোটে লড়াই না করে, কোনো পরিশ্রম না করে এবং জনগণের রায় ছাড়াই সরাসরি মসনদে বসতে চায়। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও এদের প্রধানমন্ত্রী হওয়ার মোহ জেগেছে। এই মীরজাফররা যেকোনো দ্বিচারিতা করতে প্রস্তুত। তাই আজ দেশ দেখছে—একদিকে মোদী, অন্যদিকে এই আধুনিক মীরজাফরের দল।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান