Tuesday, October 13, 2026
বাড়ি জাতীয় মেডিক্যাল কলেজ চালাচ্ছেন নিরক্ষর চা বিক্রেতা! ভুয়োর কারবার রুখতে UGC-কে নির্দেশ সুপ্রিম কোর্টের

মেডিক্যাল কলেজ চালাচ্ছেন নিরক্ষর চা বিক্রেতা! ভুয়োর কারবার রুখতে UGC-কে নির্দেশ সুপ্রিম কোর্টের

মেডিক্যাল কলেজ চালাচ্ছেন নিরক্ষর চা বিক্রেতা! ভুয়োর কারবার রুখতে UGC-কে নির্দেশ সুপ্রিম কোর্টের

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৩ অক্টোবর : গ্রামে ক্ষেতের মধ্যে জরাজীর্ণ ফার্মহাউস। তারই দু-তিনটে ঘরে রমরমিয়ে চলছে মেডিক্যাল কলেজ। সেই কলেজের চেয়ারম্যান আবার একজন নিরক্ষর চা বিক্রেতা। সম্প্রতি উত্তরপ্রদেশের এটাওয়া জেলার মহম্মদপুরে সামনে আসে এমনই এক ঘটনা। চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। আদালতের তরফে ‘ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন’ (UGC)-কে অ্যাডভাইজরি জারির নির্দেশ দিয়েছে। যাতে এইসব ভুয়ো কলেজ সম্পর্কে পড়ুয়ারা সচেতন হন।


গত ১ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের এই ভুয়ো মেডিক্যাল কলেজের রিপোর্ট প্রকাশ্যে আসে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে’র প্রতিবেদনে। রিপোর্টে দাবি করা হয়, এই ভূতুড়ে কলেজের নাম বিএস মেডিক্যাল কলেজ। যেখানে ডি ফার্মা, বি ফার্মা, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম-বিএএমএস, ডিএমএলটি, বিএমএলটির মতো কোর্স করানো হচ্ছিল। অথচ এখানে নেই কোনও ল্যাব, লাইব্রেরি বা হাসপাতাল। ধানখেতের মাঝে রমরমিয়ে চলছিল ব্যবসা। পুলিশ এই ভুয়ো কলেজের চেয়ারম্যান, চা বিক্রেতা ভগবান দাস বাঘেলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, কলেজে কী হয় তা তিনি জানতেন না। সতেন্দ্র কুমার নামে এক ব্যক্তি কাগজ দিতেন, তিনি শুধু সই করতেন।


এই মামলা শীর্ষ আদালতে উঠলে বিচারপতি আহসানুদ্দিন ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেশ এই ঘটনায় কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ইউজিসি এবং সমস্ত নিয়ন্ত্রক সংস্থাকে অবিলম্বে পাবলিক অ্যাডভাইজরি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে ভর্তির আগে কলেজের বৈধতা যাচাইয়ের কথা বলা হয়েছে। আদালত বলেছে, কেন্দ্রীয় সরকারকে নজরদারি চালাতে হবে ইউজিসি নির্দেশ মানছে কি না। এবং ভবিষ্যতে এই ধরনের প্রতারণা আটকাতে স্থায়ী গাইডলাইন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, এই মামলার সূত্রপাত হয়েছিল আয়েশা জৈন বনাম অ্যামিটি ইউনিভার্সিটি-র একটি পিটিশন থেকে। পরে সুপ্রিম কোর্ট গোটা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে নজর দেয়। সেখানেই উঠে আসে উত্তরপ্রদেশের এই ভুয়ো মেডিক্যাল কলেজের বিষয়টি। যদিও উত্তরপ্রদেশ পুলিশের তৎপরতার প্রশংসা করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ নভেম্বর।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha