Thursday, October 1, 2026
বাড়ি খেলা ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  অক্টোবর ১ : মেসি-ম্যাচের বিশৃঙ্খলার বছর ঘুরতে না ঘুরতেই ফের ফুটবল-উন্মাদনায় সরগরম যুবভারতী ক্রীড়াঙ্গন। শনিবাসরীয় সন্ধ্যায় ভারত-ব্রাজিল  আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়ছে উত্তেজনার পারদ। যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না বিধাননগর পুলিশ।


সদ্য বিশ্বকাপ খেলে আসা পানামাকে আটকে দিয়েছেন খালিদ জামিলের ছেলেরা। এবার সামনে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। ভারতীয় ফুটবলের সবচেয়ে ‘বড় ম্যাচে’র আগে কল্লোলিনীতে উৎসবের আবহ। ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ, মার্কুইনোসের মতো মহাতারকাদের নিয়ে আসছে ব্রাজিল। এমন ম্যাচকে নিয়ে যুবভারতী সেজে উঠছে। ইতিমধ্যেই রঙের পোঁচ পড়েছে স্টেডিয়ামের দেওয়ালে। প্রথমবার স্টেডিয়ামের প্রত্যেক আসনে থাকছে নির্দিষ্ট নম্বর। দর্শকদের দুর্দান্ত অভিজ্ঞতা উপহার দিতে নতুন করে সাজানো হয়েছে র‌্যাম্প, শৌচাগার। গ্যালারির লবিতে থাকছে ফুড স্টলও। স্টেডিয়ামে লেগেছে গেরুয়া আর হলুদ রং। পরিচর্যা হচ্ছে যুবভারতীর ঘাসেরও। এমন একটা ম্যাচে যে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকতে চলেছে, তা বলাই বাহুল্য।


বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত জানান, দর্শকদের সুবিধার পাশাপাশি যানচলাচল স্বাভাবিক রাখতেও একাধিক ব্যবস্থা করা হয়েছে। মাঠের আশপাশে বসানো হচ্ছে প্রয়োজনীয় ট্রাফিক সাইনেজ বোর্ড। থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও। ম্যাচের দিন নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার স্বার্থে যুবভারতীতে বেশ কিছু সামগ্রী নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাদকজাতীয় দ্রব্যের পাশাপাশি লেজার লাইট, ব্যানার, হোর্ডিং, পোস্টার, ছাতা এবং জলের বোতলও মাঠে নিয়ে যাওয়া যাবে না। দর্শকদের মাঠে ঢোকার সময় এই বিষয়গুলিতে বিশেষ নজর রাখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


পুলিশ কমিশনারের কথায়, শান্তিপূর্ণ ভাবে ম্যাচ আয়োজনই মূল লক্ষ্য। সেই কারণে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নির্ধারিত যাবতীয় নিয়মবিধি ও নিষেধাজ্ঞা মেনেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। গতবারের অভিজ্ঞতা মাথায় রেখে এবার যুবভারতীতে ভারত-ব্রাজিল ম্যাচে দর্শকদের উন্মাদনার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য রাখতেই বাড়তি সতর্ক বিধাননগর পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কলকাতায় পা রাখবে ব্রাজিল ফুটবল দল।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha