স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : পানিসাগরের বেহাল রাস্তা
সংস্কারের কাজকে ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, রাস্তায় পিচ
বা কার্পেটিং করার কথা থাকলেও তা না করে সিমেন্ট ও বালু দিয়ে কাজ করা হচ্ছে। এই কাজের
পদ্ধতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আপত্তি জানিয়েছেন এবং কাজ বন্ধ রাখার দাবি তুলেছেন পানিসাগর
নগর পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী রুমন দাসগুপ্ত
ও ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী নির্মলেন্দু দাস।
স্থানীয়
সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে—প্রায়
এক বছরেরও বেশি সময় ধরে—৮
নম্বর আসাম-আগরতলা জাতীয় সড়ক থেকে দশম মান বিদ্যালয় সংলগ্ন তিনানি এলাকা হয়ে পশ্চিম
পানিসাগর, শৈলেন বাড়ি, ঠান্ডা কালিবাড়ি ও দক্ষিণ পানিসাগরের মধ্য দিয়ে যুবরাজনগর বিধানসভার
বিলথৈ এবং পালগাঁও যাওয়ার মূল রাস্তাটি ভাঙাচোরা ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কাজ পাওয়া
ঠিকাদারি সংস্থা—সম্ভবত
খানপুরের 'আরএন কোম্পানি'—দীর্ঘদিন ধরে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।
দীর্ঘদিনের
দুর্ভোগের প্রতিবাদে গত ১১ নভেম্বর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। সেদিন অবরোধস্থলে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা
উপস্থিত হয়ে ২০ নভেম্বরের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দেন। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত
সময়ের পর কাজ শুরু হলেও পিচ বা কার্পেটিংয়ের পরিবর্তে মেটেলিংয়ের ওপর সিমেন্ট ও বালুর
মিশ্রণ দিয়ে ঢালাই বা লেপার কাজ শুরু হয়।
স্থানীয়
বাসিন্দা ও দুই ওয়ার্ড প্রার্থীর আশঙ্কা, এভাবে সিমেন্ট-বালু দিয়ে দায়সারা কাজ করা
হলে সামান্য বৃষ্টিতেই রাস্তার ওই অংশ উঠে গিয়ে আগের অবস্থায় ফিরে আসবে। পাশাপাশি রোদে
সিমেন্ট-বালু ধুলোর সাথে মিশে সাধারণ মানুষের চোখ-মুখে পড়ে ক্ষতি করতে পারে বলেও তাঁরা
আশঙ্কা প্রকাশ করেছেন।
খবর পেয়ে
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রুমন দাসগুপ্ত
এবং ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী নির্মলেন্দু দাস। তাঁরা কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে
আপত্তি জানান এবং আপাতত কাজ বন্ধ রাখার দাবি করেন। এ বিষয়ে দায়িত্বরত জুনিয়র ইঞ্জিনিয়ারের
সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বাকি গর্তগুলো ভরাটের কথা জানান বলে দাবি করা হয়েছে।
তাদের স্পষ্ট
বক্তব্য, সরকারি অর্থের অপচয় না করে নির্ধারিত নিয়ম ও গুণগত মান বজায় রেখে দ্রুত রাস্তায়
পিচ বা কার্পেটিংয়ের কাজ করতে হবে। স্থায়ী ও মানসম্মত রাস্তা নির্মাণের দাবিতে সরব
হয়েছেন স্থানীয় বাসিন্দা ও দুই প্রার্থী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান