Friday, September 25, 2026
বাড়ি খেলা পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?

পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?

পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৫ সেপ্টেম্বর :  কেটে গেল জাপানে আয়োজিত এশিয়ান গেমসের  পঞ্চম দিন। কিন্তু দ্বিতীয় স্বর্ণপদকের খরা এখনও কাটল না। এদিন সবমিলিয়ে পাঁচটি পদক জিতেছে ভারত। একাধিক ইভেন্টে ভারতীয় অ্যাথলিটরা ইতিহাসও গড়েছেন। কিন্তু পোডিয়ামে দাঁড়িয়ে জনগণমন গাওয়ার সুযোগ হয়নি। ষষ্ঠ দিনেও ভারতীয় অ্যাথলিটরা নামবেন এশিয়াডে। তাঁদের হাত ধরে কি কাটবে সোনার খরা?


পঞ্চম দিনের প্রথম পদকটি আসে রোশিবিনা দেবীর হাত ধরে। উশুর ফাইনালে উঠে রুপো নিশ্চিত করেছিলেন আগের দিনই। তবে বৃহস্পতিবার চিনা প্রতিপক্ষের কাছে হেরে সোনা হাতছাড়া হয় তাঁর। এরপর ব্রোঞ্জ আসে শুটিংয়ে, মিক্সড টিম স্কিট ইভেন্টে। অনন্তজিৎ সিং নারুকা এবং পারিনাজ ঢালিওয়ালের যৌথ প্রচেষ্টায় আসে পদক। রোয়িংয়েও ভারতের ঐতিহাসিক সাফল্য। পুরুষদের ডাবলস স্কালস বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতের সলমন খান-সতনাম সিং জুটি। এই প্রথমবার এশিয়ান গেমসে রোয়িং থেকে পদক এল ভারতের ঘরে।


পঞ্চম দিনেই অ্যাথলেটিক্সে অভিযান শুরু করল ভারত। সোনার ছেলে নীরজ চোপড়া এবারের এশিয়াডে নেই। কিন্তু প্রথম দিনেই জোড়া পদক এল ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে। মহিলাদের দশ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ পেলেন সীমা কুমারী। কিছুক্ষণের মধ্যেই ৪০০ মিটার রিলেতে ভারতের মিক্সড টিম জিতে নিল রুপো। মাত্র ২ সেকেন্ডের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া করলেন টিএস মানু, এমআর পুভাম্মা, বিশাল টিকে এবং বিথ্যা রামরাজরা। তবে এখনও অ্যাথলেটিক্সে রয়েছে পদকের আশা। পুরুষদের ১০০ মিটার দৌড়ের সেমিফাইনালে উঠেছেন অনিমেষ কুজুর এবং গুরিন্দরবীর সিং। অল্পের জন্য ট্রিপল জাম্পে পদক হাতছাড়া করলেন আশা ইলাঙ্গো।


কবাডিতে মহিলা দল পদক নিশ্চিত করে ফেলেছে। আগামী দিনে তাঁদের হাত ধরে সোনার পদক আসার সম্ভাবনা প্রবল। সেমিফাইনালে উঠেছে পুরুষদের কবাডি দলও। স্কোয়াশেও একঝাঁক ভারতীয় উঠেছেন কোয়ার্টার ফাইনালে। টেবিল টেনিসেও আশা বাঁচিয়ে রেখেছেন ভারতীয় প্যাডলাররা। তবে বক্সিংয়ে হতাশ করেছেন সাক্ষী চৌধুরী-সুমিত কুণ্ডুরা। পরের দিন পদক জয়ের লক্ষ্যে নামবেন শুটার এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকারা।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha