Thursday, August 13, 2026
বাড়ি বিশ্ব সংবাদ নেপালে প্রবল বৃষ্টিতে মধ্য পাহাড়ি লোকমার্গ অবরুদ্ধ, আটকে হাজার হাজার যাত্রী

নেপালে প্রবল বৃষ্টিতে মধ্য পাহাড়ি লোকমার্গ অবরুদ্ধ, আটকে হাজার হাজার যাত্রী

নেপালে প্রবল বৃষ্টিতে মধ্য পাহাড়ি লোকমার্গ অবরুদ্ধ, আটকে হাজার হাজার যাত্রী

কাঠমান্ডু, ১৩ আগস্ট (হি.স.): নেপালের রুকুম পূর্ব জেলায় বুধবার সন্ধ্যা থেকে টানা প্রবল বৃষ্টির জেরে মধ্য পাহাড়ি লোকমার্গ অবরুদ্ধ হয়ে পড়েছে। ভূমে গ্রামপালিকার কাড়াবগর ও ধৌলাপহিরো এলাকায় প্রবল জলস্রোতের সঙ্গে ধস ও মাটি-পাথর নেমে এসে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।

রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কাঠমান্ডু থেকে রুকুম পূর্ব, রুকুম পশ্চিম এবং ডোলপার দিকে যাতায়াতকারী যাত্রিবাহী বাস-সহ বহু যানবাহন মাঝপথেই আটকে পড়েছে। ধসের কারণে হাজার হাজার যাত্রী রাস্তায় আটকে রয়েছেন। রাস্তা ফের চালু করতে ডোজার-সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ধসের মাটি ও পাথর সরানোর কাজ শুরু হয়েছে। তবে লাগাতার বৃষ্টির কারণে উদ্ধার ও পরিষ্কারকাজে সমস্যা হচ্ছে।

রুকুম পূর্বের প্রধান জেলা আধিকারিক কোপিলা রাই জানিয়েছেন, রাস্তা দ্রুত সচল করতে সিসনে ও ভূমে গ্রামপালিকাতেও জেসিবি মোতায়েন করা হয়েছে। ধসের জেরে রাস্তার বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণভাবে যান চলাচল স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টি চলতে থাকলে ফের ধস নামার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha