স্যন্দন ডিজিটাল ডেস্ক ৩ অক্টোবর : মাওবাদীমুক্ত ভারতের লক্ষ্য পূরণের পর এবার মাদকমুক্ত দেশ গঠনের টার্গেট বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক মাদক চক্রের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করল ভারত। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হিটলিস্টে থাকা কুখ্যাত মাদক পাচারকারী তথা এই চক্রের প্রধান নভপ্রীত সিংকে তুরস্ক থেকে প্রত্যার্পণ করা হল। ভারতে ফেরানোর পর তাকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে।
এই তথ্য প্রকাশ্যে এনেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রত্যার্পণকে মোদি সরকারের বিরাট সাফল্য হিসেবে অভিহিত করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত নভপ্রীত সিং তুরস্কে ‘নবাব ভিরক’ নাম নিয়ে পরিচয় লুকিয়ে বসবাস করছিল। এমনকী সেখানকার নাগরিকত্ব আদায় করে নেয় এই অপরাধী। তবে নাম পরিচয় বদলে ফেললেও মাদক পাচার বহাল তবিয়তে জারি রেখেছিল এই অপরাধী। জানা গিয়েছে, পরিচয় গোপন রেখেই আফগানিস্তান থেকে বিরাট পরিসরে হেরোইন ও মেথামফেটামিনের মতো মারাত্মক সব মাদক পাচার করছিল সে।
এই অপরাধীর খোঁজে কোমর বেঁধে নেমে পড়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। সেইমতো তদন্তে নেমে এই নবাব-এর আসল নাম ও পরিচয় জানতে পারে তদন্তকারীরা। তুরস্ক থেকে অভিযুক্তকে ভারতে ফেরাতে কোমর বেঁধে নেমে পড়ে সরকার। তুরস্কের সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে অবশেষে তাকে ভারতে ফেরানো হয়েছে। এই অভিযানে জড়িত সকল সংস্থা ও আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ বলেন, মোদি সরকার ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে দেশের ভিতরে ও বাইরে সক্রিয় সবকটি মাদক চক্রকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ। আধিকারিকদের মতে, নভপ্রীত সিং দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে ভারতের বিভিন্ন অংশে মাদক পাচার চক্র চালাচ্ছিল। ভারতে প্রত্যর্পণের পর, এখন এই অভিযুক্তকে আন্তর্জাতিক মাদক পাচার, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সংগঠিত অপরাধ সম্পর্কিত বিভিন্ন ধারায় আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান