Saturday, October 3, 2026
বাড়ি রাজ্য জিবি হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের ৫ দফা দাবি, সোমবারের মধ্যে ব্যবস্থা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি

জিবি হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের ৫ দফা দাবি, সোমবারের মধ্যে ব্যবস্থা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি

জিবি হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের ৫ দফা দাবি, সোমবারের মধ্যে ব্যবস্থা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৩ অক্টোবর  আগরতলা :-  চিকিৎসককে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও, ছবি, রিলস ও মিম নিয়ে ক্ষোভ প্রকাশ করল রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসন ও স্বাস্থ্য সচিবের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিতর্কিত কনটেন্ট সরানো এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না হলে সম্পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, গত পরশু থেকে প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। স্বাস্থ্য সচিবের সঙ্গেও বৈঠক করে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়েছে।


সংগঠনের অভিযোগ, ঘটনার পর প্রথম দিকে বিভিন্ন মিডিয়া হাউসের প্রকাশিত কিছু ভিডিও ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে এবং সংবাদমাধ্যমের পক্ষ থেকে সহযোগিতাও করা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছোট চ্যানেল ও ব্যক্তিগত অ্যাকাউন্টে এখনও সংশ্লিষ্ট চিকিৎসককে নিয়ে মানহানিকর বলে দাবি করা ভিডিও, রিলস, ছবি ও মিম তৈরি ও প্রচার করা হচ্ছে।


এ নিয়ে সাইবার ক্রাইম কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, ৫ অক্টোবর সোমবার সকাল ৯টার মধ্যে সংশ্লিষ্ট ভিডিও ও অন্যান্য কনটেন্ট সরিয়ে না নেওয়া হলে এবং যারা পরবর্তীতে এসব কনটেন্ট আপলোড করবেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর না করা হলে সংগঠন সম্পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে।


রেসিডেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশনের আরও অভিযোগ, সংশ্লিষ্ট রোগীর করা ভিডিওর পর ওই চিকিৎসক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সংগঠনের পক্ষ থেকে ঘটনাটিকে ‘অ্যাসল্ট’ হিসেবে বিবেচনা করে আইন অনুযায়ী প্রযোজ্য ধারায় ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।


সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা এবং গ্রেফতারের দাবিও জানানো হয়েছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha