Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য চিকিৎসকের আজব কান্ড ভিত্তিহীন বলে দাবি করে ধর্নায় বসলেন চিকিৎসকরা

চিকিৎসকের আজব কান্ড ভিত্তিহীন বলে দাবি করে ধর্নায় বসলেন চিকিৎসকরা

চিকিৎসকের আজব কান্ড ভিত্তিহীন বলে দাবি করে ধর্নায় বসলেন চিকিৎসকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ সেপ্টেম্বর : আবারো সংবাদ শিরোনামে জিবি হাসপাতাল। আজব কান্ড কারখানা এই হাসপাতালে। এইবার জিবি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে এক পুরুষ রোগীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল। সেই রোগীর অভিযোগ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সাথে সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়ল রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। সাধারণত জিবি হাসপাতালের বিরুদ্ধে বা কোন চিকিৎসকের বিরুদ্ধে কোন অভিযোগ উঠলে সাংবাদিক সম্মেলন করে স্পষ্টীকরণ দেওয়া হয়। কিন্তু রেসিডেন্ট ডাক্তাররা তা না করে রীতিমতো অদ্ভুত অদ্ভুত দাবিকে সামনে রেখে বুধবার সকাল থেকে এজিএমসি-র অধ্যক্ষের কক্ষের সামনে ধর্নায় বসে।

রোগীর অভিযোগ ছিল জিবি হাসপাতালে একজন রোগীর তার প্রস্রবের ইনফেকশন নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তারপর সেই রোগের কাউন্সেলিং এর নাম করে এক রুমের ভেতরে ঢুকিয়ে আজব ঘটনা সংঘটিত করেন কর্তব্যরত চিকিৎসক। যা একজন চিকিৎসক কোনভাবেই করতে পারেন না। এই খবরটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযোগ খন্ডন করল ডাক্তারদের সংগঠন। তাদের বক্তব্য কর্তব্যরত চিকিৎসকের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যার কারণে ঐ ডাক্তার মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন। তারা আরও জানায় রোগীর অভিযোগের ভিত্তিতে সংবাদ করাকে তারা সমর্থন করে না। রেসিডেন্ট ডাক্তাররা এইদিন অদ্ভুত কিছু দাবি উত্থাপন করে জানায় তাদের দাবি গুলি মানতে হবে। তাদের দাবি গুলি হল সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও গুলি অবিলম্বে মুছে ফেলতে হবে। ভুল তথ্যের জন্য সংশোধনী ও ক্ষমা প্রার্থনা করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ভিডিও আর প্রচার না হয় তার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে হবে। এবং সংশ্লিষ্ট সিনিয়র রেসিডেন্টের পেশাগত সম্মান ও মর্যাদা রক্ষা করতে হবে। সংশ্লিষ্ট চিকিৎসককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যে একতরফা মিডিয়া ট্রায়াল চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তার বক্তব্য না শুনে কোনো ধরনের জনসমক্ষে বিচার বা সিদ্ধান্ত নেওয়া যাবে না।

হাসপাতালের ওয়ার্ড, ওপিডি সহ সমস্ত রোগী পরিষেবা এলাকায় মিডিয়া কর্মী, রোগী বা রোগীর আত্মীয়দের দ্বারা বিনা অনুমতিতে ছবি তোলা ও ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। এতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও রোগীদের গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে ব্যক্তি সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে, তার বিরুদ্ধে মেডিকেল সুপারিনটেনডেন্টকে এফআইআর দায়ের করতে হবে। এবং আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসপাতাল চত্বরে বর্তমানে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষীদের পরিবর্তে টি এস আর জওয়ান মোতায়েন করতে হবে এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সবচেয়ে অবাক করার বিষয় রেসিডেন্ট ডাক্তাররা কেন সংবাদ মাধ্যমকে এত ভয় পাচ্ছেন। কেন তারা সংবাদ মাধ্যমের কাজে বাধা দানের মতো একটি দাবিতে সরব হয়েছেন। সংবাদ মাধ্যম স্বাধীন ভাবে কাজ করলে তাদের অনৈতিক কাজের বিষয় গুলি প্রকাশ্যে চলে আসবে বলেই কি সংবাদ মাধ্যমকে এত ভয়? অভিযুক্ত ডাক্তারের কোন বক্তব্য থাকলে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলতে পারতেন। কিন্তু তা না করে কেন মিডিয়ার স্বাধীন কাজের লাগাম টানার জন্য অযৌক্তিক দাবিকে তারা সামনে নিয়ে আসলেন। উল্লেখ্য, জিবি হাসপাতালে প্রতিদিন কান পাতলে শোনা যায় কি ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। এই ঘটনাগুলি যাতে সামনে না আসতে পারে তার জন্য এক প্রকার ভাবে সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে এ ধরনের দাবি উপস্থাপন করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha