স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ অক্টোবর : খ্রিস্টান ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মগুরু পোপ লিও চতুর্দশ ক্যানসারে আক্রান্ত। মঙ্গলবার ভ্যাটিকান থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিনি। মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, প্রায় ৯০ মিনিটের অস্ত্রোপচারে বাদ দেওয়া হয়েছে তাঁর ফুসফুসের একাংশ। আপাতত সুস্থ রয়েছেন তিনি।
জানা গিয়েছে, ৭১ বছরের পোপ লিও ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা নামক ক্যানসারে আক্রান্ত। পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার ১৭ মাস পর এই প্রথম প্রকাশ্যে এল লিওর গুরুতর স্বাস্থ্য সমস্যার বিষয়টি। অবশ্য গত রবিবারই এক প্রার্থনার সময় নিজের ফুসফুসের ক্যানসারের কথা প্রকাশ্যে এনেছিলেন পোপ। জানিয়েছিলেন, শীঘ্রই অস্ত্রোপচার হবে তাঁর। এরপরই জানা গেল, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ৯০ মিনিটের এই অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, পোপের জ্ঞান ফিরেছে। তিনি এখন হাসপাতালে বিশ্রামে রয়েছেন। চিকিৎসক মহলের মতে, উদ্বেগের কিছু নেই। টিউমারটি প্রাথমিক পর্যায়েই অপসারণ করা হয়েছে ফলে লিও-র সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। আপাতত কোনও সমাবেশে উপস্থিত হতে পারবেন না লিও। আগামী এক সপ্তাহ তাঁকে হাসপাতালেই থাকতে হবে। ২০ অক্টোবর পর্যন্ত তাঁর সমস্ত প্রকাশ্য সমাবেশ বা কর্মসূচি বাতিল করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসে উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরুতে ১১ দিনের একটি সফরে যাবেন তিনি।
উল্লেখ্য, ক্যাথলিক চার্চে পোপ সর্বোচ্চ ধর্মীয় পদে অধিষ্ঠিত। বিশ্বজুড়ে এই চার্চের প্রায় ১৪০ কোটি অনুসারী রয়েছেন। পোপ অসুস্থ হলে, তাঁর দায়িত্ব গ্রহণের জন্য কোনও আনুষ্ঠানিক পদ নেই। তবে, এই সময়ে ভ্যাটিকানের প্রশাসনিক কাজ চলতে থাকে। ২০২৫ সালের মে মাসে সারা বিশ্বের কার্ডিনালদের দ্বারা নির্বাচিত হন লিও চতুর্দশ। তাঁর আসল নাম রবার্ট প্রিভস্ট।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান