স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৩ : আহমেদাবাদে একটি তথ্য প্রযুক্তি সংস্থার অফিসে বিধ্বংসী আগুন। প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ কর্মীদের। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের থালতেজ এলাকার ম্যাগনেট পার্কে। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ সেখানকার একটি বেসরকারি অফিসে আচমকা আগুন লেগে যায়। সেই সময় অফিসে কাজ করছিলেন প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মী। অগ্নিকাণ্ডের পরই হুলস্থুল পড়ে যায়। প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন তাঁরা। কিন্তু ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অফিসের ভিতর দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। প্রাণ বাঁচাতে বহু কর্মী জানলা ভেঙে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। মইয়ের সাহায্যে তাঁরা কর্মীদের উদ্ধার করেন। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুতল থেকে ঝাঁপ দিতে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তাঁর নাম রচিত প্যাটেল (২৩)। তিনি রাজকোটের বাসিন্দা। অন্যদিকে, আহত হয়েছে আরও এক কর্মী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। কিন্তু কী কারণে অফিসটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান